এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ অক্টোবর : আজ শুক্রবার সাতসকালে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের সাউথ সিটি আবাসনের ২৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । কলকাতার অভিজাত আবাসনগুলির মধ্যে একটি সাউথ সিটি। সেখানে মোট চারটি টাওয়ার রয়েছে। তার মধ্যে টাওয়ার থ্রি-র ২৮ তলার একটি অংশ থেকে সকাল সাড়ে ৮টা নাগাদ আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায় । দ্রুত সেই ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন ও যাদবপুর থানার পুলিশ। প্রথমে আবাসনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজে লাগানো হয়। নিরাপত্তার স্বার্থে বহুতলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ওই টাওয়ারের সমস্ত বাসিন্দাকে নিরাপদে নীচে নামিয়ে আনা হয়।দমকলের তরফে জানানো হয়েছে, আগুন আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে কোথাও পকেট ফায়ার রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কী কারণে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু করেছেন দমকল আধিকারিকরা।
এই ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য জানতে প্রশাসনের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করা হচ্ছে।ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুল্যান্স ও CESC-র প্রতিনিধিরা ।।

