এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৭ অক্টোবর : উত্তর ২৪ পরগনার গাইঘাটায় কিশোরীর যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের আসামিকে এনকাউন্টারের কয়েক ঘন্টার ব্যবধানে ফের এনকাউন্টারের ঘটনা ঘটল এরাজ্যে ৷ এবারে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের ধুলিয়ানে সুজিত মন্ডল হত্যাকাণ্ডে অভিযুক্ত সামাউন শেখকে এনকাউন্টার করা হয়েছে । সূত্রের খবর, অভিযুক্তকে নিয়ে সামশেরগঞ্জের ডাকবাংলায় তদন্ত করতে এসেছিলেন সিআইডির আধিকারিকরা । সেই সময় পালানোর চেষ্টা করে অভিযুক্ত । তখনই তাকে গুলি করেন পুলিশ আধিকারিকরা । তড়িঘড়ি অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হল সেখানেই মৃত্যু হয় তার।
প্রসঙ্গত, সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকায় সুজিত মণ্ডলকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ । সেই ঘটনার মূল আসামি সামাউন শেখকে গ্রেফতার করা হয় । আজ মঙ্গলবার তাকে অকুস্থলে নিয়ে যাওয়া হয় ঘটনার পুণঃনির্মানের জন্য । কিন্তু পুলিশের দাবি, এই প্রক্রিয়া চলার সময় ধৃত সামাউন বন্দুক ছিনিয়ে পাল্টা গুলি করে পালানোর চেষ্টা করে । পুলিশের পাল্টা গুলি করলে মৃত্যু হয় ধৃত সামাউন শেখের ।
রাজ্যে বিজেপি সরকার আসার পর এনিয়ে তৃতীয় এনকাউন্টারের ঘটনা৷ তার মধ্যে শুধুমাত্র আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যের দুই জেলায় পুলিশের গুলিতে মৃত্যু হল দুই অভিযুক্তের ।এর আগে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে কিশোরীর যৌন নির্যাতন-খুন কান্ডে অভিযুক্ত প্রভাস মন্ডল নিহত হয়েছিল পুলিশের এনকাউন্টারে। একই প্রকার ঘটনায় আজ ভোরে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে নিহত হয় । তার কয়েক ঘন্টার মধ্যেই এবার মুর্শিদাবাদের ধুলিয়ানেও এনকাউন্টারের ঘটনা ঘটল ।।

