রাহুল রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ অক্টোবর : দুর্গাপূজা নয়,পূর্ব বর্ধমান জেলার এই গ্রামের বছরের সবচেয়ে বড় উৎসব হল লক্ষ্মীপুজো। এই গ্রামে দুর্গাপুজোর থেকে বেশি জাঁকজমক ও উৎসাহ সহকারে লক্ষ্মীপুজো পালিত হয়। গ্রামজুড়ে সাজসজ্জার প্রতিযোগিতা, রঙিন আলোর ঝলকানি, চোখধাঁধানো প্যান্ডেল আর মেলা,সব মিলে উৎসবের আবহ গোটা এলাকায় । এবছরেও তার ব্যাতিক্রম হচ্ছে না৷ । পূর্ব বর্ধমান জেলার কাটোয়া- ২ ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের বিষ্ণুপুরগ্ৰাম জুড়ে এখন পূজোর আমেজ ।
দুর্গাপূজায় আনন্দ না করতে পারার আক্ষেপ মিটিয়ে নেন বিষ্ণুপুর গ্ৰামবাসী
কাটোয়ার বিষ্ণুপুরগ্ৰামে দুর্গাপূজা তেমন ধুমধাম করে হয় না । এর পিছনে একটা কারন আছে । আসলে,গ্রামের অধিকাংশ পুরুষ সদস্যই কর্মসূত্রে দেশের নানা প্রান্ত যেমন দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা বা জয়পুরে থাকেন। সাধারণত সোনারূপার কাজে যুক্ত তারা । দুর্গাপুজোর সময় কাজের চাপে তাঁরা বাড়ি ফিরতে পারেন না। তাই অনেকেই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে পারেন না। সেই অভাব তাঁরা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় মিটিয়ে নেন ।
বিষ্ণুপুরগ্ৰামে চারদিন ধরে লক্ষ্মীপূজা হয় । রয়েছে বিগ বাজেটের পূজো । থিম অনুয়ায়ী মন্ডপ, বিশাল প্রতিমা আর আলোকসজ্জায় সেজে ওঠে গোটা গ্রাম । অনান্য বারের মতই এবারেও বিষ্ণুপুরগ্রামে নাগিনস্টার,গিনিস্টার,ইয়ং স্টার ও আমরা কজন ক্লাব থিমের পূজো করছে । তার মধ্যে নাগিস্টার ক্লাবের লক্ষ্মী পুজো এইবার ১৮বছর পড়লো। অন্যদিকে ৩৩ বছরে পদার্পন করল গিনিস্টার ক্লাবের লক্ষ্মী পুজো । বিষ্ণুপুরগ্ৰামের লক্ষ্মীপূজোর আনন্দ শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকে না । জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই গ্রামে ।।

