এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২১ অক্টোবর : বর্ধমান শহরে ঠাকুর দেখে রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের দুই যুবকের । দুর্ঘটনাটি ঘটে ভাতারের ছয় মাইল থেকে হলদি যাওয়ার রাস্তায় পারহাট গ্রামের কাছে । মঙ্গলবার মহানবমীর দিন মৃতরা হলেন,মনোজ পাল (৩০) এবং জিৎ মাঝি (১৯)। তাঁরা ’জনেই ভাতারের পারহাট গ্রামের বাসিন্দা ।
জানা গেছে,গতকাল একটি বাইকে চড়ে বর্ধমান শহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন মনোজ পাল ও জিৎ মাঝি । ভাতারের ছয় মাইল থেকে হলদি যাওয়ার রাস্তা দিয়ে তারা পারহাট গ্রামে ফিরছিলেন । কিন্তু রাত্রি প্রায় সাড়ে ১০ টা নাগাদ তারা পারহাট গ্রামের শ্মশানের কাছাকাছি আসতেই কোনও ভাবে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করেন। তাঁদের ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্য যুবককে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই তাঁরও মৃত্যু হয়।
আজ বুধবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । পুজোর মধ্যে এই জোড়া মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।

