এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ অক্টোবর : তিন মহিলা এবং দু’জনের কোলে দুই শিশু । আপাতভাবে সাধারণ যাত্রী মনে হলেও তারা যে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অংশ, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি ট্রেনের সহযাত্রীরা । কিন্তু মহিলারা একটা মারাত্মক ভুল করে ফেলে যাতে তারা জিআরপির র্যাডারে চলে আসে তারা । ট্রেনটি নন স্টপেজে সিগন্যালে দাঁড়াতেই তিন মহিলা তাড়াহুড়ো করে স্টেশনে নেমে পড়ে । আর তারা নামতেই জিআরপি তাদের ধরে প্রথমে জিজ্ঞাসাবাদ এবং পরে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার করে । অবশেষে পুলিশ তাদের গ্রেপ্তার করে । ওল্ড মালদা টাউন স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে,তিন মহিলা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অংশ । চক্রটির হদিশ করতে ধৃত তিন মহিলাকে জেরা শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,ধৃতদের নাম জোসনারা বেগম ( ৩৬), জাবরান্নেসা (৩০) এবং আনোয়ারা বেগম ( ১৯)। তারা আসামের করিমগঞ্জ ও হোজাই জেলার বাসিন্দা । ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাওয়ার ভারতের দীর্ঘতম ট্রেন বিবেক এক্সপ্রেস থেকে পাকড়াও হয় তারা । অসমের ডিমাপুর থেকে ব্রাউন সুগারের কাঁচামাল নিয়ে মালদার কালিয়াচক এবং গাজোলে সরবরাহ করার কথা ছিল । কিন্তু পুরাতন মালদা স্টেশনে ট্রেনটির কোনো স্টপেজ ছিল না । অথচ ট্রেনটি সিগন্যালে দাড়াতেই তিন মহিলা তড়িঘড়ি করে নেমে পড়ে । তখনই জিআরপি তাদের আটক করে বাগপত্রে তল্লাশি চালায় । আর তল্লাশি চালাতেই শিশুদের খাবার সহ বিভিন্ন জিনিসপত্রের আড়ালে ১ কেজি ৮০ গ্রাম ব্রাউন সুগারের কাঁচা মাল নজরে পড়ে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেল পুলিশ জানতে পেরেছে, মাদক সরবরাহের জন্য মহিলাদের মাথাপিছু ১৫ হাজার টাকা দেওয়া হয়েছিল । পুলিশের সন্দেহ যে, আসামের মাদক মাফিয়াদের সঙ্গে আন্তর্জাতিক একটা চক্র জড়িয়ে আছে । পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা ।।

