এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ অক্টোবর : ‘শ্রী রাম স্বাভিমান পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও বিজেপির যুবসংগঠন বিজেওয়াইএম (BJYM)-এর উত্তর কলকাতা জেলার প্রাক্তন সভাপতি সুরজ কুমার সিং “বামবধ”-এর ডাক দিয়ে তার এলাকায় এবারের দুর্গাপূজায় সিপিএমের বুকস্টল বসতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছিলেন । এনিয়ে এলাকায় রীতিমতো ব্যানারও টাঙানো হয় । আর তার ঘোষণা মত মহাষষ্ঠীর দিন সিপিএমের বুকস্টল বসানোকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছে এন্টালীতে।
এন্টালীতে সিপিআই(এম)-এর বুকস্টলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে । বামফ্রন্টের আমলের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাসকে শারিরীকভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে । একটি ভিডিওতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা গুপ্তাকে বলতে শোনা যায়,’যারা গরু খায় আর যারা গরুপূজন করে, তাদের মধ্যে কখনো সম্পর্ক থাকতে পারে না৷ সিপিএমের বিকাশ ভট্টাচার্য প্রকাশ্যে গরু খেয়েছে গরুখোররা হিন্দুদের পূজোয় কেন বুকস্টল করবে ? অন্যদের পরবের সময় তো ওদের বুকস্টল করতে দেখা যায় না ?’
গতকাল এন্টালী ৫৬ নম্বর ওয়ার্ডে সিপিআই(এম) -এর বুকস্টল ঘিরে ব্যাপক অশান্তি ছড়ায়। সুরজ কুমার সিং-এর নেতৃত্বে জায়গায় জায়গায় সিপিএম ও এসইউসিআই-এর বুকস্টলের সামনে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা । সিপিএমের অভিযোগ, বিজেপি নেতা সুরাজ কুমার সিং ও তার অনুগামীরা বুকস্টলে হামলা চালায় এবং বাধা দিতে গেলে প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস-সহ কয়েকজন বাম কর্মীকে মারধর করা হয়। ঘটনায় বুকস্টলের বই, চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, ঘটনার পর এন্টালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে শুধু কলকাতার এন্টালীতে নয়,পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় বামপন্থীদের বুকস্টল ঘিরে অশান্তির খবর পাওয়া গেছে ।
গত ১৫ ই অক্টোবর সন্ধ্যায় হাওড়ার ব্যাতাইতলা বাজারে এসইউসিআই-এর বুকস্টলে ভাঙচুরের অভিযোগ উঠেছে । এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে ওই বামপন্থী দলটি । যদিও বিজেপি বলেছে এটা গণরোষ । এছাড়া, গতকাল হুগলির আরামবাগের গৌড়হাটি মোড়ে সিপিএমের বুকস্টলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ।।

