এইদিন ওয়েবডেস্ক,লাহোর,১৫ অক্টোবর : পাকিস্তানের লাহোরে রহস্যজনক সড়ক দুর্ঘটনায় সপরিবারে খতম হয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেএম)-এর সন্ত্রাসী মুহাম্মদ আসিম । সে জেএম-এর লাহোর জেলার অপারেশনস কমান্ডার ছিল । বুধবার (১৪ অক্টোবর) রাতে লাহোরের গড়ি শাহু এলাকার আল্লামা ইকবাল রোডে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ আজ বৃহস্পতিবার মুহাম্মদ আসিমকে তার স্ত্রী ও পুত্রসহ কবরস্থ করা হয়েছে ।
জানা গেছে,বুধবার রাতে ব্যক্তিগত চারচাকা গাড়িতে চড়ে স্ত্রী ও পুত্রের সঙ্গে বাড়ি ফিরছিল মুহাম্মদ আসিম৷ সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রবল গতির ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, চারচাকা গাড়ির উপরে উঠে যায় ট্রাকটি । ফলে আসিমের গাড়িটি কার্যত তালগোল পাকিয়ে যায়৷ গাড়ির ভিতরেই স্ত্রী ও পুত্রের সঙ্গে মারা যায় আসিম । এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি । আজ রাত অব্দি তাদের সন্ধান করতে পারেনি পুলিশ৷
আসিমের বিরুদ্ধে জেএম-এর অপারেশনাল কার্যক্রম পরিচালনা এবং হামাসকে অর্থ স্থানান্তরসহ তহবিল সংগ্রহের সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এছাড়াও জানা গেছে, সে গত আগস্ট মাসে লাহোরে অনুষ্ঠিত জেএম-এর একটি বড় নিয়োগ সমাবেশের সাথেও যুক্ত ছিল সে ।।

