এইদিন স্পোর্টস নিউজ,১২ অক্টোবর : আগামী ১৩ই ডিসেম্বর দিল্লিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচটি আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছিল । কিন্তু সেই খবর নাকচ করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সচিব দেবজিৎ সাইকিয়া । তিনি আজ সোমবার স্পষ্ট করেছেন যে, ম্যাচটির ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ীই দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলো বিভিন্ন স্টেডিয়ামে বরাদ্দ করা হবে। তিনি গণমাধ্যমকে সঠিক তথ্যের জন্য বিসিসিআই-এর আনুষ্ঠানিক প্রকাশনাগুলো দেখার অনুরোধ করেছেন।
তিনি বলেন,’দিল্লিতে নির্ধারিত ভারত-শ্রীলঙ্কা ওডিআই ম্যাচটি আহমেদাবাদে স্থানান্তরিত হতে পারে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। বিসিসিআইয়ের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ম্যাচের সময়সূচী সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য গণমাধ্যম বন্ধুদের বিসিসিআই-এর আনুষ্ঠানিক ঘোষণা দেখার অনুরোধ করা হচ্ছে।’ এছাড়াও, দেবজিৎ সাইকিয়া বলেছেন যে আমরা আবারও স্পষ্ট করে দিতে চাই যে দ্বিপাক্ষিক ম্যাচগুলো মূলত নিয়ম অনুযায়ীই বরাদ্দ করা হয়।
গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৯শে ডিসেম্বর তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কা দল ২০২৬ সালের ১৩ থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে আসবে, এই সময়ে তারা তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টির একটি সিরিজ খেলবে।ওডিআই সিরিজটি দিল্লিতে শুরু হবে এবং পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ব্যাঙ্গালোর ও আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। এরপর দল দুটি তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে একে অপরের মুখোমুখি হবে, যা রাজকোট, কটক ও পুনেতে খেলা হবে।।

