এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১২ অক্টোবর : কোনো এক অজানা এজেন্ডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুড়ান্ত অবমাননা করতে শুরু করেছে বাংলাদেশের জিহাদিরা । এক বোরখা পরিহিত মহিলাকে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি ও সৃষ্টিকর্মে কালি লেপন করতে দেখা গেছে । শুধু তাইই নয়, এক কবিগুরুর ছবিতে জুতো মারতে দেখা গেছে ঢাকার এক জিহাদি আইনজীবীকে ।
দিন দুয়েক আগে পাকিস্তানপন্থী ছাত্র সংগঠনের নেতা আয়াসের উদ্যোগে “ভারতের আগ্রাসন”-এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের দেওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি ও সৃষ্টিকর্মে কালি লেপন করা হয়। সেই সময় এক বোরখা পরিহিতা মহিলা কবিগুরুর গ্রাফিতিতে কালি দিতে শুরু করলে এক নিরাপত্তা কর্মী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন । কিন্তু সাংবাদিকরা পড়ে ওই মহিলাকে ভারতের আগ্রাসন সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো জবাব দিতে পারেননি । পরে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি মাখানো ৪ জন জিহাদিকে রাষ্ট্রদোহীতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে । এদিকে এই ঘটনার জের মিটতে না মিটতেই এক জিহাদি আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় রবীন্দ্রনাথের ছবিতে জুতো মারতে দেখা যায় ।
এদিকে বাংলাদেশে সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ সংকুচিত হওয়া, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অবমাননাকর আচরণ এবং সাম্প্রদায়িক বিদ্বেষের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সংস্কৃতিকর্মী ও সংগীতপ্রেমীদের সংগঠন প্রতীতি অস্ট্রেলিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি ও সৃষ্টিকর্মে কালি লেপন এবং ঐতিহাসিক ভাস্কর্য ভাঙচুরের মতো ঘটনার নিন্দা জানিয়ে সংগঠনটি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, শিল্প-সাহিত্যের স্বাধীনতা নিশ্চিত এবং এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবাদী বিবৃতিতে প্রতীতি অস্ট্রেলিয়া এসব দাবি জানায়। বিবৃতিতে সংগঠনটি বলেছে, বাংলা সংস্কৃতি কোনো বিশেষ গোষ্ঠী, ধর্ম কিংবা রাজনৈতিক মতাদর্শের একক সম্পত্তি নয়। মানুষের সম্মিলিত জীবনবোধ, অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ এবং বহুত্বের সৌন্দর্যকে ধারণ করেই বাংলা সংস্কৃতি গড়ে উঠেছে।বিবৃতিতে বলা হয়, গান, কবিতা, সাহিত্য ও শিল্পচর্চা বাঙালির আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই সাংস্কৃতিক পরিসর যখন ভয়, বিদ্বেষ ও অসহিষ্ণুতার শিকার হয়, তখন তা শুধু শিল্পের স্বাধীনতাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং সমাজের মানবিক ভিত্তিকেও দুর্বল করে দেয়।
প্রতীতি অস্ট্রেলিয়ার বিবৃতিতে আরও বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপন কিংবা বাংলাদেশের ঐতিহাসিক ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এসব কর্মকাণ্ড জাতীয় ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের সম্মিলিত স্মৃতির প্রতি অবমাননার বহিঃপ্রকাশ। বহু প্রজন্মের সংগ্রাম, আত্মত্যাগ ও সৃজনশীলতার মধ্য দিয়ে গড়ে ওঠা ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করে কোনো জাতির অগ্রযাত্রা সম্ভব নয়।
এ ধরনের কর্মকাণ্ডের প্রতি তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়ে সংগঠনটি বলেছে, মতাদর্শের ভিন্নতা কিংবা বিশ্বাসের পার্থক্যকে অজুহাত হিসেবে ব্যবহার করে কোনো ঐতিহাসিক ভাস্কর্য, শিল্পকর্ম বা সাংস্কৃতিক স্মারক ধ্বংস করার অধিকার কারও নেই। একইভাবে মতপার্থক্য কখনো শিল্প-সাহিত্যের ওপর আক্রমণ, সাংস্কৃতিক চর্চায় বাধা সৃষ্টি কিংবা অন্যের বিশ্বাস ও পরিচয়ের প্রতি বিদ্বেষ ছড়ানোর বৈধতা দিতে পারে না।
সংগঠনটির মতে, ইতিহাসের কোনো বিষয় নিয়ে মতপার্থক্য থাকলে তার সমাধান হতে পারে যুক্তি, আলোচনা ও মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে। ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে নয়। একটি জাতির পরিচয় তার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। ঐতিহাসিক স্মারক ধ্বংস করা হলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের অতীতকে জানার ও বোঝার গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয়।
বিবৃতিতে বলা হয়, একটি সুস্থ সমাজে সংস্কৃতির জবাব হওয়া উচিত আরও সংস্কৃতি, বিদ্বেষের জবাব হওয়া উচিত মানবিকতা এবং অসহিষ্ণুতার জবাব হওয়া উচিত যুক্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধা।
বাংলাদেশে স্বাধীন ও সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে প্রতীতি অস্ট্রেলিয়া বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরসহ বাংলা সাহিত্য, সংগীত ও শিল্পকলার ঐতিহ্য, সাংস্কৃতিক স্থাপনা এবং শিল্পকর্মের মর্যাদা রক্ষা করতে হবে। সাম্প্রদায়িক বিদ্বেষ, সাংস্কৃতিক অসহিষ্ণুতা এবং শিল্প-সাহিত্যের ওপর আক্রমণের বিরুদ্ধে কার্যকর ও ন্যায়সংগত পদক্ষেপ নিতে হবে।
এ ছাড়া শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে ইচ্ছুক মানুষের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
একজন বাংলাদেশি বলেছেন,’এখনও বাংলাদেশে রবীন্দ্রনাথের বাপ-দাদার পাঁচটি বাড়ি আছে… শিলাইদহ কুঠিবাড়ি । শাহজাদপুর রবীন্দ্র কমপ্লেক্স । দক্ষিণডিহি ( শ্বশুরবাড়ি) । নওগাঁ পতিসর কুঠিবাড়ি টেগরলজ কুষ্টিয়া। সবগুলোতে ঢুকতে টিকিট কাটতে হয় এবং এই টাকা সরকারের রাজস্বে জমা হয়। রবীন্দ্রনাথ এখনও আমাদের কোষাগারেও দিয়ে যাচ্ছেন। তাঁর মুখে কালি মারলে পড়বে কিন্তু নিজের মুখে।’।

