এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৯ সেপ্টেম্বর : জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা করেছে ইসরায়েল। এছাড়া, লাগাতার ইসরায়েল বিরোধী প্রচার চালিয়ে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে উৎসাহিত করার অভিযোগে ব্রিটিশদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বেশ কিছু শাস্তিমূলক পদক্ষেপ । ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করা ছাড়াও দক্ষিণ ইসরায়েলে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র থেকে ব্রিটিশ প্রতিনিধিদের প্রত্যাহার, রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ব্রিটিশ সহায়তা দলের কার্যক্রম বাতিল করা এবং ১১ জন ইসরায়েল-বিরোধী সংসদ সদস্যের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।
যেসব ইসরায়েল-বিরোধী সাংসদদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা হলেন: জেরেমি করবিন,জারা সুলতানা,নাজ শাহ,ডায়ান অ্যাবট,হানা স্পেন্সার,কার্লা ডেনিয়ার,সিয়ান বেরি, এলি চাউন্স,জন ম্যাকডোনেল,রিচার্ড বার্গন এবং অ্যাড্রিয়ান রামসে ।এন১২-এর তথ্যমতে, কিরিয়াত গাত ও রামাল্লায় কর্মরত ব্রিটিশ কূটনীতিকদের ৭ দিনের মধ্যে ইসরায়েল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে জেরুজালেমের ব্রিটিশ কনস্যুলেট ৩০ দিনের মধ্যে বন্ধ হতে চলেছে।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এটিকে জুডিয়া ও সামারিয়ার বসতিগুলোর ওপর যুক্তরাজ্যের নতুন বাণিজ্য নিষেধাজ্ঞার সরাসরি জবাব হিসেবে আখ্যা দিয়েছেন। সার আসন্ন নির্বাচনের আগে ব্রিটেনের এই পদক্ষেপকে ইসরায়েলি রাজনীতিতে একটি নির্লজ্জ ও অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন,”লন্ডন পরিস্থিতি আরও জটিল করতে চেয়েছিল। জেরুজালেম তার জবাব দিয়েছে।”

