এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ সেপ্টেম্বর : মন্দারমণিতে পার্কিং নিয়ে বিবাদের জেরে পর্যটকদের পেটানোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম । এই ঘটনায় ইতিমধ্যেই হোটেলের ম্যানেজার নদিয়ার বাদকুল্লার বাসিন্দা ভাস্কর বিশ্বাস (৩৫) এবং সিকিউরিটি গার্ড উত্তর ২৪ পরগনার বাসিন্দা সুব্রত ঘোষ (৪৫)-কে গ্রেফতার করেছে মন্দারমণি থানার পুলিশ। কিন্তু গতকাল বিজেপি নেতা দেবদত্ত মাজি ওই রিসর্টের একটি সিসিটিভি ফুটেজ সামনে এনে তোলপাড় ফেলে দিয়েছেন । সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একজন ষণ্ডামার্কা পর্যটকই প্রথমে রিসর্টের এক নিরাপত্তা রক্ষীর বুকে সজোরে ধাক্কা দেন । এরপরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷
জানা গেছে,ঘটনাটি ঘটে শনিবার বজবজের বাসিন্দা মহম্মদ আসিফের সঙ্গে এবং ঘটনাস্থল মন্দারমণির ‘স্বর্ণভূমি বিচ রিসোর্ট’ । আজ ফের একটি চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি । তিনি দাবি করেছেন, আক্রান্ত পর্যটক আদপে একজন তৃণমূল নেতা এবং ফলতার জেলবন্দি তৃণমূল নেতা শেখ জাহাঙ্গীর ঘনিষ্ঠ । জাহাঙ্গীরের সঙ্গে ওই পর্যটকের ছবিও তিনি প্রকাশ্যে এনেছেন। পাশাপাশি “আসিফ সানফুই” নামে ওই পর্যটকের বিরুদ্ধে “লাভ জিহাদ”-এ মদত দেওয়ার মত চাঞ্চল্যকর অভিযোগও এনেছেন দেবদত্ত ।
সোশ্যাল মিডিয়ায় দেবদত্ত মাজি ঘটনার মুহুর্তের একটা ভিডিও শেয়ার করে লিখেছেন,’আসিফ সানফুই মূলত বজবজের বাসিন্দা এবং একজন স্থানীয় তৃণমূল (TMC) নেতা। সে ‘লাভ জিহাদ’-এ জড়িত মুসলিমদের সহায়তা ও সুরক্ষা দেয় এবং নিজেও একজন জিহাদি। ডায়মন্ড হারবার মহকুমার ফলতার কুখ্যাত জিহাদি অপরাধী জাহাঙ্গীর—যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী—তার সাথে আসিফের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’
এরপর তিনি লিখেছেন,’দয়া করে ভিডিওটি দেখুন; তাহলেই বুঝতে পারবেন যে ‘স্বর্ণভূমি বিচ রিসোর্ট’-এর কর্মীরা যা করেছেন, তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত ছিল।এই জিহাদিরা আমাদের ভাইদের বাবা-মা ও ধর্মকে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছিল এবং তারাই প্রথম আক্রমণ চালিয়েছিল।’ দেবদত্ত মাজি আহ্বান জানিয়েছেন,’আসুন, আমরা সবাই ‘স্বর্ণভূমি বিচ রিসোর্ট হোটেল’-এর কর্মীদের পাশে দাঁড়াই। মান্দারমনি কোস্টাল পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন অবিলম্বে ওই জিহাদিদের গ্রেপ্তার করে এবং হোটেলের কর্মীদের মুক্তি দেয়।’
প্রসঙ্গত,গত শনিবার বজবজের বাসিন্দা মহম্মদ আসিফ তাঁর গোটা পরিবারকে নিয়ে মন্দারমণিতে বেড়াতে যান। সেখানে একটি নির্দিষ্ট হোটেলের পার্কিং জোনে গাড়ি রেখে ঘর দেখার জন্য এগোচ্ছিলেন আসিফরা। তারপরই ঘটে অনভিপ্রেত ঘটনা। পার্কিং নিয়ে হোটেলের নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। অভিযোগ, মুহূর্তের মধ্যে বচসা তীব্র রূপ নিলে ওই পরিবারকে ঘিরে ফেলেন হোটেলের বেশ কয়েকজন কর্মী ও নিরাপত্তা রক্ষী। এর পরই শুরু হয় চরম তাণ্ডব। ধাক্কাধাক্কি, চড়-থাপ্পড় মারার পাশাপাশি লাঠি ও রুল দিয়ে পরিবারের ওপর চড়াও হন হোটেল কর্মীরা। কিন্তু হোটেলের সিসিটিভি ফুটেজে একজন পর্যটককেই এক নিরাপত্তা রক্ষীর উপর চড়াও হতে দেখা যায় । এরপর হিংসক হয়ে ওঠে ওই হোটেলের কর্মীরা । হোটেলের কর্মীদের উপর হামলায় অভিযুক্ত ওই পর্যটকদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজেপি নেতা ।।

