এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ সেপ্টেম্বর : ‘কালীঘাট তৃণমূল’-এর প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে (Humayun Kabir) তলব করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ক্যামাক স্ট্রিট কাণ্ডের জেরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। এর আগে কসবায় প্রাক্তন বিধায়কের বাড়ি দুইবার গিয়েছিল শেক্সপিয়র থানার পুলিশ। কিন্তু, নোটিস না দিয়েই ফিরতে হয়েছে পুলিশকে। আজ সকালে ফের হুমায়ুনের বাড়িতে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, আজ সকালে আধিকারিকরা হুমায়ুনের বাড়ির দরজায় বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেন।পরে বাড়ির এক কর্মী বাইরে এলে তাঁর হাতে নোটিস তুলে দেওয়া হয়।
জানা গেছে, আগামী বুধবার( ৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্ধারিত দিনের আগেই, অর্থাৎ সোমবারই তিনি হাজিরা দিতে পারেন বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য,গত ২৭ অগাস্ট ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির অফিসের বাইরে একটি বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কলকাতা পুরসভার আধিকারিক ও পুলিশ কর্মীরা ওই অবৈধ বিলবোর্ডটি খুলতে গেলে বচসা ও ধস্তাধস্তি বাধে। পুরসভার কাজকর্মে বাধা দেওয়া এবং পুলিশকর্মীদের মারধর ও মহিলা পুলিশ কর্মীদের শ্লীলতাহানির মত গুরুতর অভিযোগে তিনটি এফআইআর দায়ের করা হয়। ওই মামলাগুলিতে নাম রয়েছে ডেরেক ও’ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং হুমায়ুন কবীর সহ একাধিক নেতার।
ইতিমধ্যেই ডেরেক, অভিষেক এবং বৈশ্বানরেরা একবার থানায় হাজিরাও দিয়েছেন। এছাড়াও, সোমবার হাজিরা দেওয়ার কথা রয়েছে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের এবং মঙ্গলবার ফের তলব করা হয়েছে ডেরেক ও’ব্রায়েনকে। এর মাঝেই প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে তলব করা হল।
পাশাপাশিআর্থিক তছরূপ মামলায় আজ সকাল থেকেই কাঁকুড়গাছিতে এক ব্যবসায়ীর বহুতলে অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ।।
