এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ সেপ্টেম্বর : অবশেষে ৩১জন অবৈধ বাংলাদেশী নাগরিককে মালদায় আনা হল । রবিবার রাতে কর্ণাটকের বেঙ্গালুরুর বিশ্বেশ্বরায় টার্মিনাল থেকে বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনে ওই দলটিকে কড়া পুলিশ পাহাড়ায় আনা হয় । মঙ্গলবার রাতে ট্রেনটি মালদা টাউন স্টেশনে এসে পৌঁছয় ৷ অবৈধ বাংলাদেশী নাগরিকদের ওই দলটিতে রয়েছে ১১ জন মহিলা, তিনজন শিশু এবং ১৭ জন পুরুষ। তারা বাংলাদেশের রাজধানী ঢাকা রাজশায়ীর বাসিন্দা বলে জানা গেছে ।
বেঙ্গালুরুর ১০টি থানা এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিল বাংলাদেশিদের ওই দলটি৷ তারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজকর্ম জুটিয়ে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল । সাম্প্রতিক সময়ে শহরে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের শনাক্ত, আটক এবং নির্বাসন নিশ্চিত করতে ‘অপারেশন মুক্তা’ পরিচালনা করছে বেঙ্গালুরু পুলিশ। আর ওই অভিযানেই ধরা পড়ে ৩১ জন অবৈধ বাংলাদেশী নাগরিক ।
জানা গেছে,আপাতত তাদের মালদা হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে । বিএসএফের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে । যদিও কতদিন আগে, কোন সীমান্ত পেরিয়ে এবং কিভাবে ভারতে ঢুকেছিল ধৃতরা তা স্পষ্ট নয়। এতে কোনো মানব পাচার চক্রের হাত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।।
Author : Eidin Desk.
