এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ আগস্ট : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত (suo motu) এফআইআর দায়ের করল কলকাতার হেস্টিংস থানার পুলিশ । শুক্রবার আদি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্যাথিড্রাল রোডে ‘কালীঘাট তৃণমূল’-এর সভায় আদালতের নির্দেশ মেনে করা হয়নি বলে অভিযোগ । আদালত সভার জন্য রাস্তা এক পাশ খোলা রাখার নির্দেশ দিলেও তা মানা হয়নি এবং নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করা হয়েছিল বলে দাবি পুলিশের । পুলিশ জানিয়েছে, আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলাকালে এই লঙ্ঘনের সঙ্গে জড়িত সকলের ভূমিকা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে ।
কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জীকে ২৮শে আগস্ট কলকাতার ক্যাথেড্রাল রোডে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুমতি দিলেও, নির্দেশ দিয়েছিল যে রাস্তার এক পাশ অবশ্যই খোলা রাখতে হবে। পুলিশের ভাষ্যমতে, আদেশের এই অংশটি লঙ্ঘন করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে, হাইকোর্ট কর্তৃক অনুষ্ঠানটির জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রম করা হয়েছিল।
গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে হাইকোর্টের অর্ডার ভাঙলেন ? আদালত রাস্তার একদিক ছেড়ে সভা করতে বলেছিল। একদম গাছের নিচে থাকা লোককে ডেকে, রাস্তা বন্ধ করে কী করলেন? আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্টার করতে আর হাইকোর্টে মুভ করতে ওঁর বিরুদ্ধে।’ মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই আজ হেস্টিংস থানার পুলিশ মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে ৷।
