এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২০ আগস্ট : মুর্শিদাবাদ জেলার রাণীনগরে ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল পুলিশ । ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকায়। বুধবার রাতে রাণীনগরের কাহারপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ওই বাংলাদেশিরা ধরা পড়েছে । প্রথমে তাদের রাণীনগর থানায় নিয়ে আসা হয় । পরে পাঠানো হয় লালগোলা হোল্ডিং সেন্টারে ৷
পুলিশ সূত্রে খবর,গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাহারপাড়া এলাকায় অভিযান চালায় রাণীনগর থানার পুলিশের একটি বাহিনী । সাতজন যুবকের একটি দলকে আটকে পুলিশ তাদের পরিচয়পত্র পরীক্ষা করে জানতে পারে যে তারা বাংলাদেশি নাগরিক । এরপর পুলিশ তাদের আটক করে ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তিরা আগের দিন রাতে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল । তদন্তে আরও উঠে এসেছে, ভারতে প্রবেশের পর কাজের উদ্দেশ্যে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের ভারতে প্রবেশের উদ্দেশ্য এবং এই ঘটনায় আরও কোনও ব্যক্তি বা পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।।
