এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১৭ আগস্ট : ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হাওড়ার ব্যাঁটরা থানার সাব -ইন্সপেক্টর । ধৃত পুলিশ আধিকারিকের নাম সুব্রত সরকার। জানা গেছে,সোমবার এক ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ ওঠে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। বিষয়টি আগেই দুর্নীতি দমন শাখাকে জানিয়েছিলেন অভিযোগকারী। অভিযোগ পাওয়ার পর পরিকল্পনামাফিক ফাঁদ পাতেন তদন্তকারীরা । নোটের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় রাসায়নিক । অভিযোগ অনুযায়ী, রাসায়নিক মেশানো নোট ওই পুলিশ আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। টাকা নেওয়ার পর তাঁর হাত ধোয়ানো হলে জলের রং পরিবর্তন হয়ে যায়। এরপরই তাঁকে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা।
জানা গিয়েছে, বধূ নির্যাতন (ধারা ৪৯৮এ) সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার না করার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এসিবি। এরপরই অভিযুক্তকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ব্যাঁটরা এলাকায়।।
