এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,০৩ আগস্ট : বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শনের ভিআইপি ব্যবস্থা করে দেওয়ার নামে এক ব্যক্তি নিজেকে পুরোহিত পরিচয় দিয়ে কর্ণাটকের এক মহিলা ভক্তের কাছ থেকে ৪,০০০ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয় পুলিশের নজরে আসার পর তারা হস্তক্ষেপ করে, যার ফলে অভিযুক্ত ব্যক্তি ভক্তকে টাকা ফেরত দিতে বাধ্য হয়। এরপর থেকে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
প্রতিবেদন অনুসারে, স্বঘোষিত পুরোহিত দেব দর্শনের জন্য টাকা নেওয়ায় অভিযোগ করেন ওই মহিলা ভক্ত । হস্তক্ষেপের সময় পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এবং একজন কর্মকর্তাকে বলতে শোনা যায়, “সারা দুনিয়া বিনামূল্যে দর্শন করছে, আর তুই বাইরের লোকের কাছ থেকে ৪০০০ টাকা নিয়ে নিলি ?”
এরপর পুলিশ ৪,০০০ টাকা উদ্ধার করেছে এবং কর্ণাটক থেকে আসা ওই মহিলার জন্য বিনামূল্যে দর্শনের ব্যবস্থা করে । এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বারাণসী পুলিশ কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে তীর্থযাত্রীদের কাছ থেকে বিশেষ বা ভিআইপি দর্শনের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়কারী ভুয়া পুরোহিত ও দালালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।।
