এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ জুলাই : গ্রাম্য পূজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কাঁটার গ্রামে আত্মীয়বাড়িতে এসে অস্বাভাবিক মৃত্যু হল পার্শ্ববর্তী মঙ্গলকোট এলাকার বাসিন্দা এক যুবকের । মৃত যুবকের নাম সঞ্জয় মাঝি (২৭)। তাঁর বাড়ি মঙ্গলকোট থানার যজ্ঞেশ্বরডিহি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ভাতার থানার পুলিশ। যুবকের মৃত্যুর কারন নিয়ে সন্দেহ প্রকাশ করে পরিবার । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই যুবকের মৃত্যুর কারন স্পষ্ট হবে ।
জানা গেছে,ভাতার থানার বড়বেলুন গ্রামে শ্বশুরবাড়ি সঞ্জয় মাঝির । তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করতেন । পাঁচদিন আগে স্ত্রী রিঙ্কু মাজিকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন তিনি । বড়বেলুন গ্রামের অদূরে কাঁটার গ্রামে মাসির বাড়ি রিঙ্কুর । বৃহস্পতিবার কাঁটার গ্রামে কুলাইচণ্ডী পুজো ছিল । মাসিশাশুড়ির বাড়িতে পূজোর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে স্ত্রীকে সাথে নিয়ে আসেন সঞ্জয় ।
জানা গেছে, বিকেল থেকেই বসে মদের আসর৷ আকন্ঠ মদ্যপান করেন সঞ্জয় । এরপর সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রিঙ্কু মাজির দাবি অত্যধিক মদ্যপান করেছিলেন তাঁর স্বামী। তারপরেই অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে পুলিশেরও ধারনা অত্যধিক মদ্যপান করে হৃদরোগে সঞ্জয়ের মৃত্যু হয়েছে । তবে মৃতের বাবা ,কাকারা এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।।
