এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ জুলাই : গতকাল শহীদ দিবসে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক ব্যানার্জি বলেছিলেন,’৩১-এ সব হিসাব হবে’ । আজ বুধবার বিধানসভায় তার পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’ভাইপো বলছে, ‘নোট খাতা খুলে রাখো ৩১শে হিসাব হবে’ । আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে । ভাইপোপন্থী তৃণমূলের নামনিশান পশ্চিমবঙ্গে থাকবে না । আমার দায়িত্ব ।’ অভিষেকের দলীয় পদ নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু । তাঁকে “একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক” বলে উল্লেখ করে বলেন, “গরুর গাড়ির আবার হেডলাইট!”অর্থাৎ একটা আঞ্চলিক দলকে সর্বভারতীয় হিসাবে উপস্থাপন করায় অভিষেকের পদের কার্যকারিতা নিয়ে বিদ্রূপ করেন মুখ্যমন্ত্রী।
এদিন বিধানসভায় দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী । অভিষেকের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি । মুখ্যমন্ত্রী অভিষেকের উদ্দেশ্যে বলেন, ‘ভোটে লড়ুন । কোথায় থাকবেন দেখবেন । ফলতার মত দুরবিন লাগবে খুঁজতে ।’ তিনি বলেন, ‘ওই ছোড়া একটা প্রতিষ্ঠিত চোর । ওকে আমি বলে গেলাম…ভিতরে থাকবেন নাকি বাইরে থাকবেন সেটা ভবিষ্যৎ বলবে । তবে যেখানেই থাকুন, ডায়মন্ড হারবারে লড়ুন । ৪০ শতাংশ মুসলিম ভোট আছে । তারপরেও যত ভোটে জিতেছেন, তত ভোটে যদি হারাতে না পারি, দেখবেন ।’
গতকাল মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের উজ্জীবিত করতে বলেছিলেন, ‘অভিষেকের নামে ৪০০ টা মামলা আছে । তবুও বাঘের মত লড়ে যাচ্ছে ।’ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,’পিসি বলে ৪০০ মামলা৷ তাও তো ভয় পায়নি ছেলেটা আমার । ওটা বাঘ না বিড়াল ? ফলতাতে একবার দেখেছেন । যত দিন যাবে দেখবেন । আর যত চুরি ডাকাতি করেছেন সব বের করব । গর্ত খুঁড়ে বের করব ।’
উল্লেখ্য,গতকাল “শহীদ দিবসে” ভাষণ দিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে একুশে বিজেপিকে বাংলা ছাড়া করার হুমকি দিয়েয়েছিলেন অভিষেক। আজ বুধবার বিধানসভায় তার সেই বক্তব্যেরই পাল্টা জবাব দেন শুভেন্দু অধিকারী ।।
