এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ জুলাই : আজ সোমবার থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে । আজ কেন্দ্র সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে বলে খবর । একারণে গতকালই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ । ৫ জনের বেশি জমায়েতের উপর রয়েছে নিষেধাজ্ঞা । কিন্তু ১৪৪ ধারা উপেক্ষা করেই ‘ককরোচ জনতা পার্টি’ তাদের পূর্ব ঘোষিত ‘সংসদ চলো’ যাত্রা শুরু করলে পুলিশ তাদের উপর মৃদু লাঠিচার্জ করে৷
নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জাতীয় রাজধানীতে ‘ককরোচ জনতা পার্টি’র আজ ‘সংসদ চলো’ মিছিলে সামিল হন শাবানা আজমি সহ বিজেপি বিরোধী বহু রাজনৈতিক নেতা, অভিনেতা ও সাধারণ মানুষ । আজাদ সমাজ পার্টি-কানশিরমের সভাপতি ও সাংসদ চন্দ্রশেখর আজাদ এবং ‘কালীঘাট তৃণমূল’-এর সাংসদ মহুয়া মৈত্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । এই সময় বিক্ষোভকারী ও আরপিএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ভিড় নিয়ন্ত্রণে আরপিএফ কর্মী ও পুলিশ মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয় ।।
