FIFA World Cup : প্রথমার্ধে ৪ গোল হজম করতে হয়েছিল । অবশ্য বিরতি থেকে ফিরেই ভিন্ন রূপে দেখা গেল ফ্রান্সকে । ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে শুধু গোল করে দলকে উজ্জীবিত করেননি, স্পর্শ করলেন রেকর্ড৷ পরে আরও একটি গোল করে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকেও ছাড়িয়ে গেলেন তিনি । বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের ঝুলিতে । লিওনেল মেসির ২১ গোলকে ছাড়িয়ে এমবাপের গোলের সংখ্যা এখন ২২ ।
মায়ামিতে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে তাদের চার গোল হজমের অভিজ্ঞতা এটিই প্রথম। প্রথমার্ধে কিছু সুযোগ হারানো এমবাপে বিরতি থেকে ফিরে ৪৮তম মিনিটে ব্যবধান কমান এবং মেসির আগের রেকর্ড স্পর্শ করেন। মাইকেল ওলিসের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় শটে ঠিকানা খুঁজে নেন রেয়াল মাদ্রিদ তারকা।
৬৬তম মিনিটে দ্বিতীয় গোল করে নতুন রেকর্ড গড়েন এমবাপে। ডান দিকে সতীর্থের পাস ডামি করে ছেড়ে দেন ওলিসে, বল ধরে তাকেই বাড়ান এমবাপে। এরপর ফিরতি পাস পেয়ে, ডি-বক্সে ঢুকে একজনের চ্যালেঞ্জ এড়িয়ে প্লেসিং শটে রেকর্ড গোলটি করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ্বকাপে এমবাপের ২২ গোল হলো ঠিক ২২ ম্যাচ খেলে। মেসি ২১ গোল করেছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৩ ম্যাচ খেলে। চলতি আসরে এমবাপের পা থেকে বেরিয়ে এলো মোট ১০টি গোল । এখানেও তিনি শীর্ষ স্থানে । আট গোল করে দ্বিতীয় স্থানে ৩৯ বছর বয়সী মেসি, যিনি আজ রবিবার ফাইনালে খেলবেন স্পেনের বিপক্ষে।
স্রেফ চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে গোলের দুই অঙ্ক স্পর্শ করলেন এমবাপে। ১৯৭০ সালে ১০ গোল করা জার্মান গ্রেট জার্ড মুলারের পাশে বসলেন তিনি।১৯৫৪ সালে ১১ গোল করে তালিকায় দুই নম্বরে আছেন হাঙ্গেরির সান্দর কোচিশ। আর ১৯৫৮ সালে ১৩ গোল করে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ফ্রান্সের জুস্ত ফঁতেনের।।
