এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৮ জুলাই : বেপরোয়া পাথরবোঝাই ডাম্পার প্রথমে একটি স্কুটি, তারপর দাঁড়িয়ে থাকা টোটোয় ধাক্কা দিয়ে সোজা ঢুকে পড়ল একটি বাড়িতে ৷ গুরুতর জখম হয়েছেন স্কুটি আরোহী । ডাম্পারের চাকার তলায় পিষ্ট হয়ে তালগোল পাকিয়ে গেছে তাদের স্কুটিটি । সেই সময় বসতবাড়িতে পরিবারের সদস্যরা কেউ না থাকায় বরাত জোরে প্রাণে বেঁচে গেছেন । তবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িটি । শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুর গ্রামের উত্তরে মাঝিপাড়ায় । জানা গিয়েছে জখম দুই স্কুটি আরোহীর বাড়ি মঙ্গলকোটে । তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ ডাম্পারটি আটক করেছে ।
জানা গেছে, পাথরবোঝাই ডাম্পারটি শুক্রবার রাতে বাদশাহী রোড ধরে মুরাতিপুরের দিকে আসছিল। প্রবল গতির ওই পাথরবোঝাই ডাম্পারটি মাঝিপাড়ার কাছে সড়কপথের উপর একটি হাম্পের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই মুরাতিপুরের দিক থেকে নতুনহাটের দিকে স্কুটিতে চড়ে আসছিলেন দুই ব্যক্তি। ডাম্পার স্কুটিতে ধাক্কা দেয় । তারপর একটি টোটোকে ধাক্কা দিয়ে সোজা বসতবাড়িতে ঢুকে পড়ে । স্কুটি আরোহীরা ছিটকে পড়েন । গুরুতর আহত হন তারা । ডাম্পারের চাকায় তালগোল পাকিয়ে যায় তাদের স্কুটিটি । দুমড়ে মুচড়ে যায় টোটোটি ।
জানা গেছে, বসতবাড়িটি ইঁটের । ডাম্পারের ডাক্কায় বাড়িটি ধূলিসাৎ হয়ে যায় । ওই বাড়িতে থাকেন বৃদ্ধ দম্পতি কালাচাঁদ মারাণ্ডি ও ফুলমনি মারাণ্ডি। ঘটনার সময় কেউ ঘরে ছিলেন না। কালাচাঁদ মারাণ্ডি একটি হোটেলে কাজ করেন। ফুলমণি ছিলেন মেয়ের বাড়িতে । যেকারণে বরাত জোরে তারা প্রাণে বেঁচে গেছেন ।।
