এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৭ জুলাই : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে স্বাধীনতা কামী বেলুচ যোদ্ধাদের হামলায় নিকেশ হয়েছে ৯ জন পাকিস্তানি পুলিশ কর্মকর্তা । প্রাথমিক প্রতিবেদন অনুসারে, গতকাল রাতে জিয়ারতের একটি পুলিশ স্টেশনে ১৫০ জনেরও বেশি যোদ্ধা সমন্বিত হামলা চালায়। এই ঘটনায় ইন্সপেক্টর মুহাম্মদ হুসেন, সুহবত খান, আব্দুল বাকি, মনসুর আহমেদ, শের মুহাম্মদ, সাইফুল্লাহ এবং আশরাফসহ নয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মরদেহ জিয়ারতের জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে এক স্থানীয় সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে জানিয়েছেন। ডেপুটি কমিশনার আব্দুল কুদ্দুস আচাকজাই বলেছেন যে, জিয়ারাত জেলায় কয়েক কোটি টাকার একটি বাঁধের নির্মাণস্থলে পাহারারত পুলিশ সদস্যদের ওপর জঙ্গিরা গুলি চালিয়েছে।
তিনি বলেন, এই হামলায় দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাও নিহত হয়েছেন এবং নিখোঁজ কর্মীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
তবে এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বেলুচিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, জিয়ারতে একটি ‘জঙ্গিবিরোধী অভিযানের’ অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী পাকিস্তানি তালেবানের (টিপিপি) ১৫ জন সদস্যকে হত্যা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, নিহত কর্মকর্তারা ছিলেন “আমাদের জাতির গর্ব”। কর্মকর্তারা জানিয়েছেন, বেলুচিস্তানের রাজধানী কোয়েটার পানি সংকট মোকাবেলায় নির্মিতব্য মাঙ্গি বাঁধের নির্মাণস্থলে তারা পাহারায় রয়েছেন ।।

