এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ জুলাই : আজই “কালীঘাট তৃণমূল”-কে বিদায় জানিয়ে তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য । আর তার এই ঘোষণার অব্যবহিত পরেই ফেসবুক লাইভে এসে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও কামারহাটির বিধায়ক মদন মিত্রকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন মমতা ব্যানার্জি । সেই সাথে রাজ্য সভানেত্রীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি । অন্যদিকে কুণাল ও মদনকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন তিনি ।
প্রসঙ্গত,গতকাল সন্ধ্যায় কলকাতা মেট্রোপলিটনে তৃণমূল ভবনের দখল নিয়েছে ঋতব্রত ব্যানার্জি গোষ্ঠী । সেই সময় তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি দাবি করেছেন যে ‘বিদ্রোহী গোষ্ঠী’ তৃণমূল ভবনের দখল নেওয়ার পর মমতা ব্যানার্জি তার দিকেই অভিযোগের আঙুল তোলেন । আর এতে অপমানিত হয়েই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন ।
ফেসবুক লাইভে চন্দ্রিমা ভট্টাচার্যের দলত্যাগের প্রসঙ্গ উঠে আসে মমতা ব্যানার্জির বক্তব্যে । তিনি ক্ষোভ প্রকাশ করে জানান,তিনি চন্দ্রিমাকে ওই কথা বলেননি তিনি । তিনি বলেন,’চন্দ্রিমা দলত্যাগ করবে এটা জানাই ছিল । কারন তার ছেলে আগেই অন্য দিকে চলে গিয়েছিল ।’ সেই সাথে মমতা বলেন,’কে ছেড়ে গেল, তাতে কিছু যায় আসে না। আমি নেতা চাই না, সাধারণ কর্মী চাই।’ দলত্যাগী নেতাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, প্রতীক বড় নয়, মানুষের আস্থা ও লড়াইয়ের মানসিকতাই আসল শক্তি।’ তিনি এটাও জানিয়ে দেন ২১ জুলাই পালন তিনি করবেন এবং প্রয়োজন হলে ছোট আকারে সমাবেশ হবে ।।
