এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ জুলাই : মমতা ব্যানার্জি “আস্থা হারিয়ে ফেলায়” অপমানে “কালীঘাট তৃণমূল” ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য । তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি । উল্লেখ্য,গতকাল ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন “নতুন তৃণমূল” কলকাতা মেট্রোপলিটনে তৃণমূল ভবনের দখল নেয় । সেই সময় সেখানে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য । একারনে মমতা ব্যানার্জি নাকি তাকে বলেছিলেন,”অফিসটা ওদের হাতে তুলে দিলে ?” আর তাতেই “অপমানিত” হয়ে তিনি সমস্ত দলীয় পদ ত্যাগ করেছেন বলে জানান । চন্দ্রিমা বলেন,’আনুগত্য নিয়ে প্রশ্ন তোলায় আমি অপমানিত হয়েছি ।’ তবে তিনি ঋতব্রতদের ‘নতুন তৃণমূল’-এ যোগ দেবেন কিনা জানাননি । শুধু বলেন, ‘কে নতুন আর কে পুরনো, এটা আদালত ও নির্বাচন কমিশনের বিচারাধীন । তাই এই বিষয়ে কোনো মন্তব্য করব না ।’
প্রসঙ্গেত,সম্প্রতি তৃণমূলের ‘বিদ্রোহী’ গোষ্ঠীতে যোগ দিয়েছেন চন্দ্রিমার পুত্র সৌরভ বসু। তার পর থেকেই চলছিল চন্দ্রিমার যোগদান নিয়ে জল্পনা । যদিও দলের শোচনীয় পরাজয়ের পর এতদিন মমতার পাশেই ছিলেন তিনি। চন্দ্রিমাকে দেওয়া হয় রাজ্য সভানেত্রীর পদ। তবে আজ শনিবার মমতাকে চিঠি দিয়ে সমস্ত পদ ছাড়লেন চন্দ্রিমা। পাশাপাশি তৃণমূল এবং তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে, তার সিগনেটরির দায়িত্ব থেকেও অব্যাহতি চাইলেন চন্দ্রিমা। অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্টের লেনদেনে তিনি আর সই করবেন না। এছাড়া নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ছিল তাঁর। সেই দায়িত্বও ছেড়েছেন । তবে সব পদ ছাড়লেও মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মুখ খোলেননি তিনি । পরিবর্তে দলনেত্রীর বিশ্বাস অর্জন না করতে পারাকে নিজের ‘ব্যর্থতা’ হিসাবেই দেখছেন তিনি।।
