এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৭ জুন : মহররমের মিছিল চলাকালে বিষাক্ত ক্যাপসুল বিতরণের একটি গুরুতর ষড়যন্ত্র সময়মতো ব্যর্থ করে দিয়েছে মুম্বাই পুলিশ। এই ঘটনায় পুলিশ পুনের বাসিন্দা ফায়াজ প্রেমজিকে গ্রেপ্তার করেছে। পুলিশ তার কাছ থেকে ১৪,০০০-এরও বেশি ক্যাপসুল বাজেয়াপ্ত করেছে। ঘটনাটি জেজে এবং বাইকুল্লা এলাকা দিয়ে যাওয়ার সময় মহররমের মিছিল চলাকালে ঘটে।
পুলিশের একটি টহল দল এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ক্যাপসুল বিতরণ করতে দেখে, এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছে থাকা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। পুলিশ দাবি করেছে যে উদ্ধারকৃত ক্যাপসুলগুলোতে জিঙ্ক ফসফাইড নামক একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক মেশানো ছিল। ডিসিপি জয়ন্ত মীনার মতে, অভিযুক্তের কাছ থেকে ১৪,৯০০টি ভরা ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় সে জানায় যে, সে ৩০,০০০টি খালি ক্যাপসুল এবং প্রায় ৫০ কেজি জিঙ্ক ফসফাইডের অর্ডার দিয়েছিল এবং সেগুলো ভরার জন্য বেশ কয়েকদিন ধরে কাজ করেছিল। এই ঘটনায় একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
তদন্তে আরও জানা গেছে যে, ফায়াজ ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে বেশ কয়েকবার এবং শুধুমাত্র গত চলতি বছরেই ১৯ বার ইরান ও ইরাক সফর করেছে। পুলিশ এখন এই ভ্রমণগুলোর উদ্দেশ্য, ডিজিটাল রেকর্ড, মোবাইল ডেটা, আর্থিক লেনদেন এবং যোগাযোগের তথ্য খতিয়ে দেখছে।।
