এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,২৭ জুন : রাজস্থানের রাজধানী জয়পুরে জইশ-ই-মোহাম্মদের নারী স্লিপার সেল সদস্য ববিতা ধাকাড ওরফে খাদিজার গ্রেপ্তারের ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক হয়ে উঠেছে। রাজস্থান এটিএস এবং গোয়েন্দা সংস্থাগুলো ২০ জুন, ২০২৬ তারিখে জয়পুর থেকে খাদিজাকে গ্রেপ্তার করে। এখন তার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, তিনি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত ছিলেন এবং পাকিস্তানে অবস্থানরত হ্যান্ডলার আবু উবাইদার সঙ্গে যোগাযোগ রাখতেন, যিনি সংগঠনটির প্রধান মাসুদ আজহারের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
মামলায় বলা হয়েছে যে, ববিতা দুই বছরেরও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে সাথে জইশ-ই-মোহাম্মদের সন্ত্রাসবাদীদের যোগাযোগ রাখছিলেন এবং অনলাইনে তার মগজধোলাই করে উগ্রপন্থী মতাদর্শে দীক্ষিত করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, নিজের নাম পরিবর্তন করে খাদিজা রেখেছিলেন এবং অনলাইনে সন্ত্রাসী উবেদাকে বিয়েও করেছিলেন।
এটিএস-এর মতে, তার মোবাইল ফোনে সন্দেহজনক পাকিস্তানি নম্বর, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং জইশ-ই-মোহাম্মদ নেটওয়ার্কের চিহ্ন পাওয়া গেছে। তদন্তে আরও জানা যায় যে, তিনি ভারতে একটি নারী স্লিপার সেল প্রতিষ্ঠা করার এবং কিছু তরুণীকে নিয়োগ করার চেষ্টা করছিলেন।
ববিতার বাবা ক্যামেরার সামনে বলেছেন যে, তিনি বিশ্বাস করতে পারছেন না যে তাঁর মেয়ে দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল। তিনি বলেন, যারা দেশের বিরুদ্ধে কাজ করে, তাদের জাহান্নামেও কোনো স্থান নেই। অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে আছে এবং বিভিন্ন সংস্থা তার পুরো নেটওয়ার্ক ও ডিজিটাল রেকর্ড খতিয়ে দেখছে।।
