এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ জুন : অবশেষে গ্রেপ্তার হলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ । উদয়ন গুহের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, ভয় দেখানো, দুর্নীতি-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে । ভোটের ফলাফল প্রকাশের পরেই বোরখা পরে অ্যাম্বুলেন্সে চড়ে উধাও হয়ে গিয়েছিলেন কোচবিহারের দিনহাটার (Dinhata) প্রাক্তন তৃণমূল বিধায়ক । শেষ পর্যন্ত কলকাতার ফুলবাগান থেকে তাকে দিনহাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে ।
তৃণমূল জমানার একাধিক বিষয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে ছিলেন উদয়ন গুহ । বিরোধীদের হাত-পা ভেঙে দেওয়া বা এলাকা ছাড়া করার মতো প্ররোচনামূলক বয়ান দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে একাধিকবার এফআইআর (FIR) দায়ের হয়েছিল। তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, ভয় দেখানো, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে । ২০২৬ সালের মে মাসে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়৷ গ্রেপ্তারির ভয়ে উদয়ন গুহ বোরখা পরে অ্যাম্বুলেন্সে শুয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে সংবাদ মাধ্যমের দাবি ৷ তারপর থেকেই পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল । যদিও ভোটে পরাজয়ের পর মমতা ব্যানার্জির ডাকা বৈঠকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তাকে ।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কলকাতার ফুলবাগান থানা এলাকার একটি ফ্ল্যাটে থাকছিলেন উদয়ন গুহ। প্রথমে নিউ টাউনের বাড়িতে উদয়ন গুহর খোঁজ করে পুলিশ। সেখানে না পেয়ে যায় ফুলবাগানে। বুধবার সকালে কোচবিহার জেলা পুলিশের একটি বিশেষ দল ফুলবাগানের ওই ফ্ল্যাটে আচমকা হানা দেয়। সেখানে কিছু সময় জিজ্ঞাসাবাদের পর পুলিশ আধিকারিকরা তাঁকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেন । আপাতত ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সেখান থেকে আগামীকাল তৃণমূল নেতাকে উত্তরবঙ্গে নিয়ে আসা হচ্ছে বলে খবর।।
