এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ জুন : তোলাবাজির অভিযোগে কলকাতার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)কে গ্রেপ্তার করল বিধাননগর উত্তর থানার পুলিস। সোমবার বিকেলে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তথা ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন সল্টলেকের বাসিন্দা মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ী । সব্যসাচীর বিরুদ্ধে কোটি টাকার তোলবাজির অভিযোগ করেন তিনি । অভিযোগের ভিত্তিতে সব্যসাচী দত্তকে সোমবার সন্ধ্যায় রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে প্রথমে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর না মেলায় শেষে গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিস।
পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে মধুসূদন চক্রবর্তীর কাছ থেকে এক কোটি টাকা তোলা নেওয়ার অভিযোগ রয়েছে। তোলাবাজি ছাড়াও মানসিকভাবে নির্যাতন, খুনের হুমকির অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। মধুসূদন চক্রবর্তী ছাড়াও আরও একাধিক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটিরও বেশি টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে সব্যসাচীর বিরুদ্ধে। জানা গিয়েছে, সাড়ে ৯ টায় মেডিক্যাল করাতে নিয়ে যাওয়া হবে সব্যসাচীকে। তারপর বেলা ১১ টায় বিধাননগর আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে বারাসত থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন সব্যসাচী। এর আগে তিনি রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন । বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সব্যসাচী দত্ত মেয়রও ছিলেন । তোলাবাজির অভিযোগে তার গ্রেপ্তারি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্য একটা বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে ।।
