এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ জুন : পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে জনগণনার কাজ । এবারের জনগণনায় হবে জাতি জনগননা অর্থাৎ ধর্মের ভিত্তিতে জনগননা । আজ রবিবার কলকাতায় নিউ টাউন কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ তিনি জানান,আগামী ১ আগস্ট থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু হয়ে যাবে। বাড়ি বাড়ি সমীক্ষা হবে ১৫ আগস্ট পর্যন্ত। ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর বাড়ির সদস্যসংখ্যার গণনা হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে তা শেষ হবে। এর ভিত্তিতেই হবে ডিলিমিটেশন। তা ছাড়া ওই সময়েই জাতি জনগণনাও শুরু হয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী ।
পাশাপাশি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,বিএসএফকে জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে কয়েক দিন আগেই। ৫৫৬ কিলোমিটার জমির মধ্যে ১০০ কিলোমিটার পর্যন্ত হস্তান্তর হয়ে গিয়েছে। সিএএ-র আওতায় পড়েননি এমন অনুপ্রবেশকারীদের ‘ডিপোর্ট’ করার কাজ শুরু হয়েছে। তিনি বলেন,’আমাদের ভাত, আমাদের ওষুধ খেত এরা। আরামে বসে থাকত এখানে। এমন ৪ হাজার ৮০০ জনকে ও পারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন হোল্ডিং সেন্টারে ৮৩৬ জন আছেন। তাঁদেরও আমরা খাইয়ে দাইয়ে ও দিকে পাঠানোর ব্যবস্থা করছি। সীমান্তে সুরক্ষা সুনিশ্চিত করতেই হবে।’
সেই সাথে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বিজেপির যে ৩১৫ জন কর্মী ‘আত্মবলিদান’ করেছেন, তাঁদের স্মৃতির উদ্দেশে সরকারি স্তরে শোকপ্রস্তাব গ্রহণ করা। ওই পরিবারগুলির অর্থনৈতিক দায়িত্ব নেবে সরকার। প্রত্যেক পরিবারের এক জন সদস্যকে চাকরি দেওয়া হবে। তা ছাড়া মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।’।
