প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৬ জুন : বাইক আরোহী দম্পতিকে পিষে দিয়ে পালালো মালবাহী গাড়ির চালক । যার জেরে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হল পুলিশকে । আজ শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে মেমারি- তারকেশ্বর রাজ্য সড়কে পূর্ব বর্ধমানের জামালপুর থানার সারাংপুর বটতলা এলাকায়। নিহত দম্পতি হলেন শেখ আব্দুল জব্বার (৫৪) এবং হাসিনা বেগম শেখ (৪২) । পুলিশ ঘাতক গাড়ির হদিশ করতে পারলেও এখনো ফেরার চালক । পুলিশ চালকের সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,এদিন স্ত্রীকে বাইকের পিছনে বসিয়ে বাইক চালিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন শেখ আব্দুল জব্বার । তিনি মেমারি- তারকেশ্বর রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় সারাংপুর বটতলা এলাকায় আসতেই একটি মালবাহী চারচাকা গাড়ির সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । গাড়ির চাকায় পিষ্ট হন দম্পতি । দম্পতির রক্তাত দেহ বেশ কিছু সময় ধরে সড়ক পথের উপরে পড়ে থাকে। এদিকে গাড়ি নিয়ে চম্পট দেয় চালক । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে বিলম্বের কারনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা । পুলিশ মৃতদেহ দুটি জামালপুর থানা বা জামালপুর হাসপাতালে নিয়ে না গিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে চাইলে স্থানীয়দের সঙ্গে বিরোধ বাধে । এনিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । পরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামল দেয় । আগামী কাল মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ।।
