এইদিন ওয়েবডেস্ক,গুজরাট,০৫ জুন : গুজরাটে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে বড় অভিযান চালানো হয়েছে। ‘অপারেশন ডেল্টা হান্ট’-এর অধীনে পুলিশ একদিনেই ৫০১ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গুজরাট ক্রাইম ব্রাঞ্চ চান্দোলা, গুলাবনগর ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে গভীর রাতের এক অভিযানে ওই অনুপ্রবেশকারীদের পাকড়াও করে । রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন যে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
প্রতিবেদন অনুসারে, পুলিশ ৬,২০০ জনেরও বেশি সন্দেহভাজনের একটি ডেটাবেস তৈরি করার পর রাজ্যব্যাপী এই অভিযান শুরু করা হয়। ধৃতদের মধ্যে অনেকেই জাল ভারতীয় পরিচয়পত্রও সংগ্রহ করেছিল। আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ এবং ৩০টি পুলিশ দল এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ব্যক্তিরা কলকাতার মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাচ্ছিল। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো আপোস করা হবে না। এখন শুধু অনুপ্রবেশকারীরাই নয়, যারা তাদের আশ্রয় ও কর্মসংস্থান দেয়, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।।
