এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ জুন : রাজ্যে পালাবদল হতেই পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আর কাটমানি সংস্কৃতির বিরুদ্ধে জনরোষ সামনে আসছে । প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও জনরোষের মুখে পড়তে হচ্ছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক বা নেতাকর্মীদের । বিভিন্ন সরকারি প্রকল্পে নেওয়া কাটমানি ফেরতের দাবীতে আজ বুধবার পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বরকল গ্রামের তৃণমূল নেতা সুকুমার সাহার বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখালেন মহিলারা । সকাল প্রায় ১১টা থেকে দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে । বিক্ষোভের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।
বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনাসহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, কারও কাছ থেকে ১০ হাজার, কারও কাছ থেকে ২০ হাজার, আবার কারও কাছ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। শুধু তাই নয়, সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।
এদিন ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্ত নেতার বাড়ির সামনে জড়ো হয়ে কাটমানির টাকা ফেরত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাঁদের বক্তব্য, প্রকৃত উপভোক্তাদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করে অর্থ আদায় করা হয়েছে, যার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সুকুমার সাহার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
