এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : পূর্ববর্তী মমতা ব্যানার্জির সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাপক অনিয়ম প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । টাকা ঢুকেছে পুরুষদের অ্যাকাউন্টেও । আজ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা রূপায়ণের কাজ শুরু করতে গিয়েই প্রশাসনিক আধিকারিকরা এই বেনিয়মের বিষয়টি লক্ষ্য করেন। এখনও পর্যন্ত মোট ২২টি এমন ভুয়ো অ্যাকাউন্টের হদিস পাওয়া গিয়েছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা হচ্ছিল। তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন, এর মধ্যে ১টি রাকিবুলের, ১৫টি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর এবং বাকি ৬টি তারিকুল রহমানের নামে রয়েছে।’ তিনি বলেন,হাজার হাজার অনুপ্রবেশকারী এবং তৃণমূলের নেতারা, যারা মহিলা নন, তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট করছেন। এই রকম অন্তত ৩০ লক্ষ্য আছে । যারা মাসে মাসে ১৫০০ টাকা করে নিয়ে কত লুট করেছে, সেটা আপনারা হিসাব করলেই বুঝতে পারবেন। তবে আমরা কাউকে ছাড়ব না।’ তিনি সাফ জানিয়েছেন, তৃণমূল স্তর থেকে এই দুর্নীতির তদন্ত করা হবে এবং জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। তিনি বলেন,’তৃণমূল যে কতবড় লুটেরার পার্টি এটাই তার প্রমান । এদের আমরা আইনের মাধ্যমে সমূলে ধ্বংস করব ।’
মুখ্যমন্ত্রী জানান,এই সমস্ত ঘটনার তদন্তের জন্য তিনি বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠনের নির্দেশ দিয়েছেন । এদিন বিরোধীদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা আসলে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। এই প্রকল্প নিয়ে যে অপপ্রচার চলছে, তা ভিত্তিহীন। সোমবার থেকে অনলাইনে ফর্ম ফিলআপের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সাধারণ মানুষ তাতে ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন। আশা করছি আগামী বুধবার অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে।’।
