এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,৩১ মে : বাংলাদেশের নারায়ণগঞ্জে রাস্তা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক হিন্দু মহিলা ও তার ৩ শিশুসন্তান । নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার ঘটনা । নিখোঁজ মহিলা হলেন দেওভোগ ভুঁইয়ার বাগ এলাকার বাসিন্দা কিরণ সরকারের স্ত্রী লিজা সরকার । গত ২২ শে মে বিকেল আনুমানিক ৪ টা নাগাদ লিজা সরকার তার দুই মেয়ে শাবনী(১৩) ও তারা(৪) এবং এক ছেলে গনেশকে (১১) সাথে নিয়ে রিকশায় চড়ে বাপের বাড়ি যাচ্ছিলেন । কিন্তু রাস্তা থেকেই তারা রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় । তারপর থেকেই তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।
পরিবার সূত্রে জানা গেছে, কিরণ সরকার নিজেই স্ত্রী ও সন্তানদের রিকশায় তুলে দেন। গন্তব্য ছিল স্ত্রীর বাবার বাড়ি। কিন্তু তারা এখন পর্যন্ত সেখানে পৌঁছাননি। তাদের আর কোনো খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি । কিরণ সরকার
এনিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন । কিরণ সরকারের বক্তব্য, ‘প্রতিটি মুহূর্ত এখন দীর্ঘ প্রতীক্ষার মতো । কোথায় আছে তারা,কী অবস্থায় আছে, একথা ভেবে ভেবে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি ।’ তিনি নিজের মোবাইল নম্বর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে আহ্বান জানান, যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন অথবা কোথাও তাদের দেখে থাকেন, তাহলে অবশ্যই অনুগ্রহ করে যে দ্রুত তার সাথে যোগাযোগ করেন ।।
