এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২২ মে : মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) দুটি পৃথক গোলাগুলির ঘটনা ঘটে। এই হামলায় ছয়জন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন।সবচেয়ে বড় হামলাটি ঘটে ত্রুহিলো এলাকার একটি খামার ও বাগানে, যেখানে সশস্ত্র হামলাকারীরা শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালায়। এই হামলায় ১৯ জন প্রাণ হারান। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে জমি ও প্রাকৃতিক সম্পদ নিয়ে বিরোধে জর্জরিত। অতীতে যারা পরিবেশ ও ভূমি অধিকারের পক্ষে কথা বলেছেন, তারা হুমকির সম্মুখীন হয়েছেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটে গুয়াতেমালা সীমান্তের কাছে ওমোয়া এলাকায়, যেখানে অপরাধীরা একটি পুলিশ দলের ওপর হামলা চালায়। পুলিশ সদস্যরা রাজধানী তেগুসিগালপা থেকে একটি গ্যাং-বিরোধী অভিযানে যাওয়ার পথে গুলির মুখে পড়েন। এই হামলায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ছয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী উভয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং তদন্তের জন্য ফরেনসিক দল পাঠানো হয়েছে।।
