শ্রীশঙ্করদেশিকাষ্টকং (যা তোটকাষ্টকম্ নামেও পরিচিত) হলো আদি শঙ্করাচার্যের প্রধান শিষ্য শ্রী তোটকাচার্য (গিরি) দ্বারা রচিত আটটি শ্লোকের একটি স্তোত্র। এই স্তোত্রের প্রতিটি শ্লোকে গুরু শঙ্করাচার্যের প্রতি ভক্তি, তাঁর অসীম জ্ঞান ও করুণার বন্দনা করা হয়েছে এবং “ভব শঙ্কর দেশিক মে শরণম” (হে আচার্য শঙ্কর, আপনিই আমার শরণ/আশ্রয়) পংক্তিটি প্রতি চরণে ধ্বনিত হয়।
তোটকাষ্টকম্ বা শ্রীশঙ্করদেশিকাষ্টকং
বিদিতাখিল শাস্ত্র সুধা জলধে
মহিতোপনিষত-কথিতার্থ নিধে |
হৃদয়ে কলয়ে বিমলং চরণং
ভব শঙ্কর দেশিক মে শরণম ||১||
বাংলা অর্থ : হে সমস্ত শাস্ত্রের অমৃততত্ত্বের জ্ঞাতা, হে উপনিষদোক্ত আত্মবিজ্ঞানের দাতা। আমার হৃদয়ে আপনার পবিত্র চরণের ধ্যান করছি, হে গুরু শঙ্কর আপনি আমায় শরণ প্রদান করুন।
করুণা বরুণালয় পালয় মাং
ভবসাগর দুঃখ বিদূন হৃদম |
রচয়াখিল দর্শন তত্ত্ববিদং
ভব শঙ্কর দেশিক মে শরণম ||২||
বাংলা অর্থ :হে করুণার সাগর, আমাকে ভবসাগরের ভীষণ দুঃখ থেকে উদ্ধার করুন। আমাকে সমস্ত দর্শনের সারতত্ত্বের জ্ঞান প্রদান করুন, হে গুরু শঙ্কর আপনি আমায় শরণ প্রদান করুন।
ভবতা জনতা সুহিতা ভবিতা
নিজবোধ বিচারণ চারুমতে |
কলয়েশ্বর জীব বিবেক বিদং
ভব শঙ্কর দেশিক মে শরণম ||৩||
বাংলা অর্থ : আপনি আত্মস্বরূপ বিচারে অতি দক্ষ, আপনার প্রভাবে অসংখ্য জীব সুখী হয়েছে। আপনি আমাকে ঈশ্বর এবং জীব এই উভয় তত্ত্বের বোধ করান, হে গুরু শঙ্কর আপনি আমায় শরণ প্রদান করুন।
ভব এব ভবানিতি মে নিতরাং
সমজায়ত চেতসি কৌতুকিতা |
মম বারয় মোহ মহাজলধিং
ভব শঙ্কর দেশিক মে শরণম ||৪ ||
বাংলা অর্থ : আপনি স্বয়ং শিব, এটা উপলব্ধি করতে পেরে আমার চিত্তে পরমানন্দের স্পন্দন হয়। আমাকে এই বিরাট মোহসমুদ্র হতে উদ্ধার করুন, হে গুরু শঙ্কর আপনি আমায় শরণ প্রদান করুন।
সুকৃতেঽধিকৃতে বহুধা ভবতো
ভবিতা সমদর্শন লালসতা |
অতি দীনমিমং পরিপালয় মাং
ভব শঙ্কর দেশিক মে শরণম ||৫ ||
বাংলা অর্থ : আমি বহুজন্মের পূণ্যের ফলে আপনার কৃপালাভ করার সুযোগ পেয়েছি। এই কিঙ্করকে এখন আপনি রক্ষা করুন, হে গুরু শঙ্কর আপনি আমায় শরণ প্রদান করুন।
জগতীমবিতুং কলিতাকৃতয়ো
বিচরন্তি মহামাহ সচ্ছলতঃ |
অহিমাংশুরিবাত্র বিভাসি গুরো
ভব শঙ্কর দেশিক মে শরণম ||৬ ||
বাংলা অর্থ :হে গুরু, এই জগতের মঙ্গলের জন্য অনেক মহাপুরুষগণ বিভিন্ন রূপ ধারণ করে সর্বত্র বিচরণ করেন। তাঁদের মধ্যে আপনিই সূর্যের মতো তেজস্বী এবং জাজ্বল্যমান, হে গুরু শঙ্কর আপনি আমায় শরণ প্রদান করুন।
গুরুপুঙ্গব পুঙ্গবকেতন তে
সমতাময়তাং ন হি কোঽপি সুধীঃ |
শরণাগত বত্সল তত্ত্বনিধে
ভব শঙ্কর দেশিক মে শরণম |।৭ ||
বাংলা অর্থ :হে শ্রেষ্ঠ গুরু, হে প্রভো আপনার ধ্বজে বৃষ শোভায়মান, কেউই আপনার সমকক্ষ নয়। হে শরণাগতদের আশ্রয়প্রদানকারী, হে তত্ত্বজ্ঞানের রত্ন, হে গুরু শঙ্কর আপনি আমায় শরণ প্রদান করুন।
বিদিতা ন ময়া বিশদৈক কলা
ন চ কিঞ্চন কাঞ্চনমস্তি গুরো |
দৃতমেব বিধেহি কৃপাং সহজাং
ভব শঙ্কর দেশিক মে শরণম ||৮||
বাংলা অর্থ : আমি শাস্ত্রের তত্ত্ব জানিনা, আমার কোনো ধনসম্পদও নেই গুরু। দ্রুত আমার প্রতি আপনার কৃপা বিধান করুন যা আপনার পক্ষে অতি সহজ, হে গুরু শঙ্কর আপনি আমায় শরণ প্রদান করুন।
।। শ্রীমত্তোটকাচার্য বিরচিতং তোটকাষ্টকম্ বা শ্রীশঙ্করদেশিকাষ্টকং সম্পূর্ণম্ ||
