এইদিন ওয়েবডেস্ক,মালদা ও উত্তর চব্বিশ পরগনা, ১৫ মে : অবৈধভাবে গরু পাচার রুখতে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার ৷ তারপরেও চোরাগোপ্তা চলছে গরু পাচার৷ অবশ্য পুলিশ ও বিজেপির তৎপরতায় কোথাও কোথাও গরু পাচার রোখা সম্ভব হচ্ছে । যেমন আজ শুক্রবার মালদা জেলার রতুয়া থানার পুলিশ দুটি ম্যাটাডোরে মোট ১০ টি গরুসহ মোট ৬ জনকে আটক করেছে । অন্যদিকে উত্তর ২৪ পরগণা জেলার হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র একটি গাড়িতে গরু পাচার রুখে দিয়েছেন ।
জানা গেছে,আজ দুপুরে রতুয়ার মহানন্দটোলা নাকাট্টি ব্রিজ এলাকায় নাকা চেকিং করার সময় ২ টি গরু বোঝাই ম্যাটাডোর আটক করে পুলিশ । ম্যাটাডোর দুটিতে মোট ১০ টি গরু ছিল । পুলিশ কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি । এরপর দুই গাড়ির চালক সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয় । পুলিশ জানতে পারে যে বিহার থেকে গরুগুলিকে আনা হয়েছিল ।
অন্যদিকে হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকায় বেআইনিভাবে গরু পাচার করার অভিযোগে একটি গাড়ি আটক করেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশ দেন।।
