এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ মে : রেলদপ্তরের নিজস্ব জায়গা ঘিরতে গিয়ে স্থানীয়দের পাথরবাজিতে জখম ৫ জন আরপিএফ কর্মী । ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে কাটোয়া আজিমগঞ্জ লাইনে কাটোয়া স্টেশনের অদূরে কেশিয়াপাড়ায় রেলফটকের কাছে । আহত ৫ আরপিএফ কর্মী হলেন অধীর দেবনাথ, বিপিন বিহারী পাসোয়ান, অমর হালদার, এস কে সাধূ, এবং ভি এন সিনহা । শেষ পর্যন্ত দপ্তরের নিজস্ব জায়গা না ঘিরেই ফিরে যেতে হয় রেলকর্মীদের । কাটোয়ার আরপিএফ ইন্সপেক্টর বিএন সিনহা জানিয়েছেন, সমগ্র বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জানা গেছে,কাটোয়া রেলস্টেশন থেকে কিছুটা দূরে কাটোয়া -আজিমগঞ্জ শাখায় রেললাইন পারাপার করে চলাচল করে কাটোয়া পুরসভার ১৩ নম্বর, ১৯ নম্বর ওয়ার্ড সহ আশপাশের ওয়ার্ডের অন্তর্গত মাঠপাড়া, কেশিয়া, দরগাতলা, কুলতলা প্রভৃতি পাড়ার লোকজনরা । বিকল্প রাস্তা থাকলেও সেটি একটু ঘুরপথ হওয়ায় স্থানীয়রা রেললাইন টপকে যাতায়াত করতেই বেশি পছন্দ করে । যদিও রেলের তরফে এইভাবে লাইন টপকে যাতায়াতের অনুমতি নেই। ইতিপূর্বেও রেলদপ্তর নিজস্ব জায়গা ঘেরার কাজ করতে গিয়েছিল । কিন্তু তখনও স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় ।
জানা গেছে, বছর চারেক আগে ঠিকাদার এজেন্সির কর্মীরা ঘিরতে গেলে স্থানীয়দের প্রবল বাধার মুখে পড়ে । সেসময় স্থানীয়দের চাপে পড়ে ৮ ফুট চওড়া অংশ যাতায়াতের জন্য ছেড়ে রেখে বাকি অংশ ঘেরা হয়েছিল। আজ দুপুরে ওই ৮ ফুট চওড়া অংশ ঘেরার কাজ করতে গিয়েছিলেন রেলদপ্তরের কর্মীরা । সেই সময় প্রচুর লোকজন জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । শুধু বিক্ষোভই নয়, স্থানীয়রা রেলকর্মী ও আরপিএফ কর্মীদের দিকে পাথরবৃষ্টি শুরু করে। ফলে লাঠিচার্জ করতে হয় আরপিএফকে । স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে জখম হয়েছেন ৫ জন আর পি এফ কর্মী। এই ঘটনাকে ঘিরেবএদিন বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও স্থানীয়দের বাধায় এবারেও পিছু হটতে হয়েছে রেলকে।।
