এইদিন ওয়েবডেস্ক,মালদা,০১ মে : রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদা জেলার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় গাফেলতির অভিযোগ তুলে হাসপাতালে যথেচ্ছ ভাঙচুর চালালেন মৃতের পরিবার পরিজন ও প্রতিবেশীরা । যদিও পরে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ভাঙচুর চালানোর ঘটনায় পুলিশ ৬জনকে আটক করে বলে খবর।
জানা গেছে,মৃত রোগীর নাম অঙ্কন রায়(৩৪) । তার বাড়ি চাঁচল ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬ টা নাগাদ অসুস্থ অবস্থায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন । ভর্তির কিছু পরেই তার চিকিৎসা শুরু হয় । কিন্তু চিকিৎসা শুরুর অল্প কিছু পরেই মৃত্যু হয় ওই যুবকের।
মৃতের স্ত্রী রাখি রায়ের অভিযোগ,’আমার স্বামী বাড়িতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন৷ এই কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল । কিন্তু হাসপাতালে আনার পর অনেক দেরিতে চিকিৎসা শুরু করা হয় । হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের বারবার ডেকেও তাদের পাওয়া যায়নি । পরে একজন চিকিৎসক এসে চিকিৎসা শুরু করেন । কিন্তু একটা ইনজেকশন দেওয়ার পরেই আমার স্বামীর মৃত্যুর কোলে ঢলে পড়েন ।’ চিকিৎসার গাফেলতির কারনের স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার ।
এদিকে ঘটনার কথা জানাজানি হতেই মৃতের পরিবারের লোকজনক প্রতিবেশীরা হাসপাতালে এসে জড়ো হয় । তারা প্রথমে তুমুল বিক্ষোভ দেখান । তারই মাঝে হাসপাতালের চেয়ার টেবিলে ভাঙচুর চালান । যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । কর্তৃপক্ষের দাবী, সঠিক সময়ে যথাযথ চিকিৎসা হয়েছে। কিন্তু রোগীর অবস্থা সংকটজনক ছিল। সেই কারণেই তিনি চিকিৎসায় সাড়া দেয়নি এবং তার মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই ৬জনকে আটক করে।।
