এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩০ এপ্রিল : নিজেদের ‘নেটওয়ার্ক ম্যাপ’-এ জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়ে বিতর্ক সৃষ্টির পর অবস্থান পরিবর্তন করা নেপাল এয়ারলাইন্স বৃহস্পতিবার মানচিত্রের ত্রুটি বলে অভিহিত করে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছে। তীব্র সমালোচনার পর বিমান সংস্থাটি বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টটি মুছে দিয়েছে। এক্স-এর পোস্টে বলা হয়েছে,”আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে সম্প্রতি শেয়ার করা নেটওয়ার্ক ম্যাপের ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ম্যাপটিতে আন্তর্জাতিক সীমানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভুল রয়েছে, যা নেপাল বা নেপাল এয়ারলাইন্সের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না ।”
নেপাল এয়ারলাইন্স জানিয়েছে,”আমরা অবিলম্বে পোস্টটি সরিয়ে ফেলেছি এবং আমাদের তথ্যাবলী যাতে নির্ভুলতার সর্বোচ্চ মান বজায় রাখে, তা নিশ্চিত করতে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করছি ।”বিমান সংস্থাটি বলেছে,”এই অঞ্চলে আমাদের প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিই এবং ওই পোস্টের কারণে সৃষ্ট যেকোনো অসন্তোষের জন্য আমরা গভীরভাবে দুঃখিত ।”
