এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,২৮ এপ্রিল : গতকাল বাড়িতে গিয়ে সতর্ক করে দিয়ে বলে এসেছিলেন,’জাহাঙ্গিরকে ভালো করে বোঝাও । ভোটারদের ভয় দেখানোর বারবার অভিযোগ উঠছে ? এরপরও যদি ভয় দেখায় তাহলে ওর আচ্ছা করে খাতির করব । তখন কান্নাকাটি বা আফসোস করেও কোনো লাভ হবে না ।’ দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে যোগী রাজ্যের পুলিশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ ও নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মার সেই সতর্ক করে দিয়ে আসার ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে । কেন্দ্রীয় বাহিনী নিয়ে সোমবার সকালেই জাহাঙ্গিরের বাড়িতে যান তিনি । ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে । এদিকে ।
এদিকে নির্বাচন কমিশনের এই ‘দাবাং’ পুলিশ পর্যবেক্ষকের রুদ্ররূপ দেখে সুর নরম হয়ে গেছে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের৷ সোমবার রাতেই তার একটি ভিডিও সামনে এসেছে । যেখানে জাহাঙ্গীর খানকে বলতে শোনা গেছে,’এখানে এত লোক আছে বলুক…আমি বলেছি তো আমি ব্যক্তিগতভাবে যদি কাউকে দুর্ব্যবহার করে থাকি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো । সোশ্যাল ওয়ার্ককে মাথায় নিয়ে,সামাজিকতাকে মাথায় নিয়ে করতে এসেছে ।’ তাৎপর্যপূর্ণভাবে তার ডান হাতে লাল তাগা ও কপালে তিলক দেখা যায় ।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ আর মাত্র কয়েক ঘন্টা বাকি । ফলতা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে বারবার । আরও অভিযোগ যে জাহাঙ্গিরের তরফে ভোটারদের হুমকি দিয়ে এও বলা হয়েছে তারা যেন ভোট দিতে না যায়। এর পাশাপাশি ভয় দেখিয়ে ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে । কমিশনের কাছে অভিযোগ আসার পরই সোমবার সকাল ১০টা নাগাদ জাহাঙ্গিরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে যান নির্বাচন কমিশনের পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মা । তবে বাড়িতে পাওয়া যায়নি তৃণমূল প্রার্থীকে। তাঁর একটি লাল রঙের গাড়ি বাড়িতেই ছিল । এই গাড়িতেও তল্লাশি চালানো হয়। জাহাঙ্গির খান কোথায় গিয়েছেন তা জানা যায়নি। এমনকি সোমবার সকাল থেকে তাকে প্রচারেও দেখা যায়নি বলে খবর ।
উল্লেখ্য,দ্বিতীয় দফার ভোটে ৯৫জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তার মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা । দ্বিতীয় দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ অবজার্ভার হিসেবে নিযুক্ত হয়ে রাজ্যে এসেছেন তিনি । সোমবার রীতিমতো হুঁশিয়ারি শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেছেন, ‘ওর খবর আমরা ভালভাবেই নেব। জাহাঙ্গিরের বাড়ির লোক যাঁরা দাঁড়িয়ে আছেন, ওকে ভাল করে বুঝিয়ে বলে দেবেন যে, বারবার যে অভিযোগ আসছে ওর লোক ভয় দেখাচ্ছে, এর জন্য ভাল করে ব্যবস্থা নেওয়া হবে। পরে যেন কান্নাকাটি বা আফসোস না করে।’
তবে এনকাউন্টার স্পেশালিষ্ট অজয় পাল শর্মার এই হুঁশিয়ারি ভালো চোখে নেয়নি বিদায়ী শাসকদল তৃণমূল কংগ্রেস । জাহাঙ্গিরের বাড়িতে গিয়ে অত্যাচারের অভিযোগ তোলেন তৃণমূলের রিজু দত্ত । আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি ।
যদিও জাহাঙ্গির খানের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরেই ভোটের আগে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । এবারও একই অভিযোগ সামনে এসেছে। তবে এবার নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট—হুমকি বা দাদাগিরি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আইন না মানলে শেষমেশ পালিয়েই বেড়াতে হবে। গুন্ডাগিরির দিন শেষ—এই বার্তাই পরিষ্কার করে দেন অজয় পাল শর্মা।।
