এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,২৩ এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া যাচ্ছে । তার মধ্যে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে । চলন্ত গাড়িতে হঠাৎ পাথর ছোড়া হলে পেছনের কাচ ভেঙে যায়। তবে, এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। সংবাদমাধ্যমকে অগ্নিমিত্রা বলেন,’রহমতনগরের বুথ পরিদর্শনের পর আমরা সবে সেখান থেকে চলে আসছিলাম৷ সেই সময় তৃণমূলের দুই গুন্ডা সেকু আর সাবির আমার গাড়িতে একটা বড় পাথর মারে৷ এতে গাড়ির কাঁচ ভেঙে যায় । এখানে আসার সময়েও আমার গাড়িতে হামলা হয়েছিল । কিন্তু ততটা বুঝতে পারিনি ।’
জানা গেছে,ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণের হীরাপুর থানা এলাকায়। তিনি বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন ।হিরাপুর থানার বার্নপুর রহমতনগর হাই স্কুলের ১৩৫ নম্বর বুথ পরিদর্শন করে দুপুর প্রায় দুটো নাগাদ বেরোন তিনি । অভিযোগ, গাড়িটি স্টার্ট দিয়ে বেরিয়ে যাওয়ার মুহুর্তে গাড়ি লক্ষ্য করে পেছন থেকে অতর্কিত ইঁটবৃষ্টি শুরু হয়। একটি ভারী ইঁটের আঘাতে চুরমার হয়ে যায় অগ্নিমিত্রা পালের গাড়ির পেছনের কাঁচ। গাড়ির সেই ভাঙা কাঁচ নিয়েই অগ্নিমিত্রা পাল সরাসরি পৌঁছান হিরাপুর থানায়। সেখানে গিয়ে পুলিশের কাছে মৌখিক ভাবে অভিযোগ জানান । তিনি বলেন, “আমাকে ভয় দেখিয়ে আটকানো যাবে না। আমি আবার রহমতনগরে যাবো।”
