এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২০ এপ্রিল : গতকাল পুরুলিয়ার ঝাড়গ্রামে সভা শেষে একটি চানাচুরের দোকানের সামনে কনভয় দাঁড় করিয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে করছেন যে পুরো ঘটনাটাই সাজানো এবং ঝালমুড়ি খাওয়া আসলে প্রধানমন্ত্রীর ‘নাটক’ । আজ সোমবার বীরভূমের মুরারইয়ের নির্বাচনী জনসভায় এমনই দাবি করেন মমতা ।
তিনি বলেন, ‘কালকে দোকানে মাইক ফিট করে… এসপিজিকে দিয়ে ঝাল মুড়ি তৈরি করিয়ে… ১০ টাকা কখনো পকেটে থাকে ওনার ? কত নাটক ! নির্বাচনের সময় গোয়াতে গিয়ে বসে থাকে । কখনো নির্বাচনের সময় বলে আমি চাওয়ালা । ১০ টাকা বের করে ঝাল মুড়ি খাচ্ছে ! বুঝুন, এই ঝাল মুড়ি টাও নিজেদের তৈরি করা । আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে আগে থেকে ক্যামেরা ফিট ছিল কি করে । জিজ্ঞেস করুন৷ সব নাটক ! মানুষ বোঝে না ?’
তিনি দাবি করেন,’যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে । বাইরে থেকে লোক নিয়ে এসে মিটিং মিছিল করে । কোন একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই । বাইরের এজেন্সিকে দিয়ে এবং প্রশাসনকে চাপ দিয়ে….মনে রাখবেন, আগামী তিন সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে ।’
প্রসঙ্গত,গতকাল পুরুলিয়া জেলার ঝাড়গ্রামে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী । জনসভার শেষে তিনি যখন কনভয় করে হেলিকপ্টার উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় ঝাড়গ্রামের কলেজ মোড় এলাকার বিক্রম কুমার সাউ নামে এক চানাচুর বিক্রেতার দোকানের সামনে প্রধানমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে পড়েন । প্রধানমন্ত্রী কনভয় থেকে নেমে সোজা পায়ে হেঁটে দোকানে চলে যান । তিনি প্রথমে ঝাল মুড়ির দাম জিজ্ঞেস করেন । তারপরও একটা দশ টাকার নোট দোকানদারকে দিয়ে ঝালমুড়ি তৈরি করে দিতে বলেন । দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খেতে দেখা যায় । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।।
