প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ এপ্রিল : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেলো পূর্ব বর্ধমানের জেলার মেমারির ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্র অহন মান্না । আগামী ১০ মে থেকে ২৩ মে পর্যন্ত হায়দ্রাবাদ স্পেস সেন্টারে জাতীয় রিমোট সেন্সিং কেন্দ্রে (এনআরএসসি) বিশেষ প্রশিক্ষণ নেবে সে । এর আগে প্রশিক্ষণের জন্য জাতীয় স্তরের পরীক্ষা হয় । লক্ষাধিক ছাত্র ছাত্রীর মধ্য থেকে মাত্র ০.০০১১৪ শতাংশ তাতে সুযোগ পায় । ১৩ এপ্রিল ফল প্রকাশিত হতে দেখা যায়, সুযোগ পেয়েছে অহন । স্বভাবতই এলাকায় খুশির হাওয়া৷
অহনের বাবা-মা জানান যে ছোট থেকেই মহাকাশ নিয়ে অসীম কৌতুহল ছিল তাদের ছেলের । রাতের অন্ধকার আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে কিছু যেন খুঁজে বেড়াত ৷ বয়স বাড়ার সাথে সাথেই তার সেই আগ্রহ আরও বহু গুণ বেড়ে যায়৷ তারা আরও জানান,স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের মহাকাশ নিয়ে বিভিন্ন প্রশ্ন করত অহন৷ তারা সাধ্যমত উত্তরও দিতেন ৷ তারপর মূলত স্কুলের অনুপ্রেরণাতেই ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে যাওয়ার ঝোঁক হয় তাদের ছেলের৷ শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেতে অনলাইনে বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। অবশেষে অহন ইসরোয় প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা৷
মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের প্রিন্সিপাল অরুন কান্তি নন্দি বলেন,’ছাত্রছাত্রীদের প্রতিভাকে খুঁজে বার করা ও তাদের উদ্দীপিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা৷ তারই ধারাবাহিক ফল পেয়ে চলেছি । বিগত কয়েক বছরেই ইসরোর এই শিবিরের আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যোগদানের সুযোগ পেয়ে চলেছে , ক্রমাগত ছাত্র ছাত্রী দের এই সাফল্য সর্ব ভারতীয় স্তরে এক অনন্য মাত্রা যোগ করেছে।’।
