এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ এপ্রিল : কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে রাকেশ সিং-কে প্রার্থী করল বিজেপি । বিজেপি আগেই ২৯৩ আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। বাকি ছিল শুধুমাত্র কলকাতা বন্দর আসন। আজ বুধবার বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই আসনে রাকেশ সিং-কে প্রার্থী ঘোষণা করা হয় । তার আগে মঙ্গলবার জেল থেকে বেরোতেই কার্যত হুঙ্কার দিয়ে তিনি বলেছিলেন,’ফিরহাদ হাকিম হল কলকাতা পোর্টের দাউদ ইব্রাহিম, মিনি পাকিস্তানের দাউদ ইব্রাহিমকে হারাব !’
গুন্ডামি, মারধর, হামলা চালানোর অভিযোগ তুলে গত বছর অক্টোবরে রাকেশ সিং-কে গ্রেপ্তার করে কলকাতার কসবা থানার পুলিশ । একই সঙ্গে গ্রেফতার করা হয় তাঁর পড়ুয়া ছেলে শুভম সিং এবং মেয়ে সিমরন সিংকেও। তাদের বিরুদ্ধে কসবার একটি বহুতলে অন্যের ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ আনা হয়েছিল । অভিযোগকারী চন্দু খান ও তাঁর ছেলে সপ্তর্ষি খান ৷ এর আগে প্রদেশ কংগ্রেস অফিসে হামলার ঘটনায় গ্রেফতার হন রাকেশ সিং। তারও আগে ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেফতার হন বিজেপি নেতা রাকেশ সিং। পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁর দুই ছেলেকেও।
প্রসঙ্গত,কলকাতা পোর্ট এলাকায় ব্যাপক জনপ্রিয় রাকেশ সিং । মঙ্গলবার জেল থেকে তিনি অন্তবর্তী জামিনে বের হতেই তার এক ঝলক দেখা গিয়েছিল । মহিলা ঢাকির দল ভাড়া করে আনা হয় । বিশাল জনতা তাকে ফুলমালা ও গেরুয়া উত্তরীয় পরিয়ে স্বাগত জানায় । রাকেশ সিং হুঙ্গার দিয়ে বলেন, ‘কলকাতা পোর্টে ১৫ বছর ধরে তোলাবাজ ভাইপো আর ববি হাকিম যে অত্যাচার করেছে,আগামী ৪ মে তার অবসান হবে ৷’।

