এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,০৭ এপ্রিল : তৃণমূল নেতাকে নিজের গাড়ি ‘সার্ভিস’ দিয়ে সাসপেন্ড হলেন উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটি থানার আইসি মহাবীর বেরা । গত সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জিকে নিজের গাড়িতে করে বারাকপুরের মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে দিয়েছিলেন তিনি । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নৈহাটি থানার আইসি মহাবীর বেরার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানান বিজেপি নেতা অর্জুন সিং ৷ অবশেষে নৈহাটি থানার আইসির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ।
ঘটনাটি ঘটে গত সোমবার দুপুরে । ওইদিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন । নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে ওইদিন মনোনয়নপত্র জমা দেন । নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জিও বারাকপুরের মহকুমা শাসকের দপ্তরে গিয়েছিলেন৷ তবে তিনি নিজের গাড়িতে না গিয়ে নৈহাটি থানার আইসি মহাবীর বেরার গাড়িতে চড়ে মহকুমা শাসকের দপ্তরে যান৷ এমনকি আইসি নিজেই সশরীরে চেয়ারম্যানকে পৌঁছে দিতে গিয়েছিলেন। যা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয় ।
অর্জুন সিং সরাসরি পুলিশ-প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে ট্যাগ করে ভিডিও সহ পোস্ট একটি করেন। ভিডিওতে গাড়ির পিছনে “পুলিশ” স্টিকার লাগানো দেখা যায় এবং অশোক চ্যাটার্জিকে গাড়ি থেকে নেমে মহকুমা শাসকের দপ্তরে চলে যেতে দেখা যায় । বিজেপি নেতা লেখেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশ যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে তা নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে নির্বাচন কমিশন, কিন্তু অভ্যাস তো অভ্যাসই।নৈহাটি পৌরসভার চেয়ারম্যান এবং নৈহাটিতে তৃণমূলের একজন নেতা অশোক চ্যাটার্জী ব্যারাকপুরের এসডিও অফিসে একটি পুলিশের গাড়ি থেকে নামছেন। গাড়িটি ব্যারাকপুর সিটি পুলিশের অধীনে নৈহাটি থানার ব্যবহৃত হয়। মিঃ চ্যাটার্জী নৈহাটি থেকে তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন। আমি নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের সিইও-এর কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে টিএমসি নেতাদের দ্বারা পুলিশের গাড়ির অপব্যবহার হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।’
অর্জুন সিং-য়ের অভিযোগ ও ভিডিওটি খতিয়ে দেখার পর নির্বাচন কমিশন অবশেষে কড়া অবস্থান গ্রহণ করে। সোমবার রাতেই নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়।।
