এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ এপ্রিল : এরাজ্যে তো দুরের কথা,স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি হল রেশন দুর্নীতি ! আর এই দুর্নীতির মাস্টারমাইন্ড বলা হয় তৃণমূল সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে৷ বেশ কয়েক বছর জেলও খেটেছেন তিনি । বর্তমানে তিনি জামিনে মুক্ত । এহেন জ্যোতিপ্রিয়কে আজ ‘নির্দোষ’ সার্টিফিকেট দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । তার কথায় সিপিএম চক্রান্ত করে “বালু”কে(জ্যোতিপ্রিয় মল্লিক) ফাঁসিয়েছে ৷ অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন,’এতেই প্রমাণিত যে কেষ্ট-বালু চুঁনোপুঁটি, সব খেয়েছে হাওয়াই চটি ।’
প্রসঙ্গত,এবারের বিধানসভার ভোটে হাবড়া আসনে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস । আজ মঙ্গলবার তার সমর্থনে হাবড়ার বাণীপুর ডঃ বি.আর. আম্বেদকর মাঠে জনসভা করেন মমতা ব্যানার্জি । সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে । জেনে রাখুন, আমার গভমেন্টে যত ভালো কাজ বালু করেছে, এ কেউ করতে পারেনি৷ ওকে হিংসা করে গ্রেফতার করেছিল,কোন প্রমাণ পায়নি। কেন গ্রেফতার করেছিল ? কারণ ওই পচা সিপিএম পার্টি দেড় কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল । আর ফলস নামে নিজেরা রেশন তুলে সেই টাকা পার্টি ফান্ডে জমা করত । এই ডাকাতি ধরেছিল বালু৷ তাই ওরা বিজেপিকে দিয়ে এই কাজ করিয়েছে।’
পরে রাজ্য বিজেপি কার্যালয়,কলকাতার ৬ মুরলীধর সেন লেনে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করলে মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়া চাওয়া হয় । তিনি বলেন, ‘বলার কিছু নেই। পশ্চিমবাংলায় রেশন দুর্নীতির বিষয়ে আপনারা সবাই জানেন যে স্বাধীনতার পরে এটা সবচেয়ে বড় স্ক্যাম । ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে । এই দুর্নীতির যিনি মূলাধার জ্যোতিপ্রিয় মল্লিক, কয়েক বছর জেলে ছিলেন । আজকে এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে “কেষ্ট-বালু চুঁনোপুঁটি, সব খেয়েছে হাওয়াই চটি”। তাই কৃতজ্ঞতা স্বীকার করে বালুকে প্রার্থী করে ওনার পক্ষে সার্টিফিকেট দিয়েছেন ।’।
