এইদিন স্পোর্টস নিউজ,০৭ এপ্রিল : বিশাখাপত্তনমের আরিলোভার পেদ্দাগাদিলি এলাকায় একটি ব্যক্তিগত প্লটের কাছে দুটি স্থানীয় দলের মধ্যে ক্রিকেট ম্যাচ চলাকালে এক রান নিয়ে বিবাদের জেরে এক যুবককে হত্যা করা হয়েছে । আজ মঙ্গলবার এক পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবারের ম্যাচ চলাকালীন একটি রান নিয়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি হয়। তবে, ম্যাচ আম্পায়ার চিরঞ্জীবীর হস্তক্ষেপে প্রাথমিকভাবে বিষয়টির সমাধান হয়।
কিন্তু সন্ধ্যায়, একই বিষয় নিয়ে ফের তর্কবিতর্কের জেরে অভিযুক্ত কে. কিশোর (২৬) আম্পায়ারের ভাই অজিতকে (২৩) আক্রমণ করে এবং তার বুকে ছুরি বসিয়ে দেয় বলে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন এক কর্মকর্তা।পুলিশ জানিয়েছে, অজিতকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
অভিযুক্ত, কে. কিশোর পেশায় একজন ব্যক্তিগত ফটোগ্রাফার, বিতর্কিত রান নিয়ে আম্পায়ার কিশোরের সঙ্গে তর্কে জড়িয়েছিল। তবে, সেদিন পরে দুই পক্ষ আবার মুখোমুখি হলে তর্কাতর্কি সহিংস রূপ নেয় এবং এর জেরেই প্রাণঘাতী হামলাটি ঘটে বলে জানান ওই কর্মকর্তা। ইতিমধ্যে পুলিশ একটি মামলা দায়ের করেছে।।
