পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০৬ এপ্রিল : হুমায়ূন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি বা জেইউপি) ছেড়ে ফের তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির হাত ধরতে চলেছেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তরের দুই পরিচিত প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ফজলুল হক মন্ডল ও পঙ্কজ গাঙ্গুলী ৷ আজ সোমবার সমুদ্রগড়ে মুখ্যমন্ত্রীর জনসভায় তারা আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন । ইতিমধ্যেই তারা সমুদ্রগড়ে পৌঁছেও গেছেন ৷ তাঁদের সঙ্গে প্রায় ৮০০ কর্মী-সমর্থকও যোগদান করবে বলে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য,গোষ্ঠীদ্বন্দ্বের কারনে সম্প্রতি তৃণমূল ছেড়ে জেইউপি-তে যোগদান করেন ফজলুল হক মন্ডল ও পঙ্কজ গাঙ্গুলী ৷ কিন্তু দিন কয়েক আগে পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী তাদের ফের দলে ফেরাতে উদ্যোগী হন ৷ অবশেষে বরফ গলে ৷ ফজলুল হক মন্ডল বলেন,’ওদের কাজ কারবার নিয়ম-কানুন ভালো লাগলো না, তাই৷ তৃণমূল আমাদের পুরনো জায়গা, তাই ফের ফিরে এলাম৷’ তিনি হুমায়ুন কবিরের নতুন দল গঠনকে “ভুল সিদ্ধান্ত” বলে মন্তব্য করে তাকে “মহম্মদ বিন তুঘলক” আখ্যা দিয়েছেন । এদিকে ভোটের ঠিক মুখেই দুই বর্ষীয়ান নেতার ফের তৃণমূলে যোগদান হুমায়ূন কবিরের জন্য জোর ধাক্কা বলে মনে করা হচ্ছে ।।
